২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার কারাগার থেকে মুক্ত ২২ বাংলাদেশি

লিবিয়ার একটি কারাগার থেকে ২২ বাংলাদেশি ছাড়া পেয়ে তিউনিশিয়ায় পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার একটি কারাগার থেকে ২২ বাংলাদেশি ছাড়া পেয়ে তিউনিশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই ২২ জন তাওয়াইশা কারাগারে বন্দি ছিলেন। এই ২২ জনসহ মোট ১৩১ বাংলাদেশি বুধবার লিবিয়া থেকে তিউনিশিয়ায় পৌঁছে। সেখানে আশ্রয় শিবিরে উঠেছে তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গত মাসের বেশি সময় ধরে অস্থির উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। এক সপ্তাহ আগে সেখানে সামরিক অভিযান শুরু করেছে পশ্চিমা দেশগুলো। লিবিয়ায় অস্থিরতা শুরু হওয়ার পর থেকে সেখানে থাকা বাংলাদেশিরা পালাতে শুরু করে। এ পর্যন্ত ১২১টি ফ্লাইটে ৩৩ হাজার ৫০৩ জন বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। এদিকে লিবিয়া ছেড়ে পাশের দেশ তিউনিশিয়ায় আশ্রয় নেওয়া ৮০১ জন বাংলাদেশি রাস দির সীমান্তে রয়েছে। অন্যদিকে লিবিয়া থেকে পালানোর সময় গ্রিস উপকূলে সাগরে ডুবে যাওয়া এক বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছে। গত ৫ মার্চ তারা ডুবে যান। এর মধ্যে ১৪ জনের মৃত্যুর খবর গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করলেও এ পর্যন্ত ১৩টি লাশ দেশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২০৩০ ঘ.