২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ মাধ্যমিক: লিবিয়ার পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে

আগামী ৫ এপ্রিল শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিবিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৫ এপ্রিল শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিবিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। লিবিয়ায় ১৪ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের উপ-নিয়ন্ত্রক রসময় কির্তু। "তবে তাদের চারজন ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছে। তারা এখান থেকেই পরীক্ষা দেবে।" ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বিকেলে জানান, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এ পরীক্ষা নিতে প্রশ্নপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। "আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। নির্দেশনা পেলে পাঠানো হবে।" লিবিয়ার পরীক্ষার্থীরা সবাই ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত দুমাস ধরে সেখানে আন্দোলন চলছে। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষ রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' গ্রহণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত হয় গত ১৭ মার্চ। ১৯ মার্চ লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স। পরে তাদের সঙ্গে যোগ দেয় কাতার এবং ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। সরকারি হিসেবে লিবিয়ায় থাকা ৬০ হাজার বাংলাদেশির ৩০ হাজার এ পর্যন্ত দেশে ফিরে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০২৫ ঘ.