২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক মানুষও মারা হচ্ছে: লিবিয়া

বিমান হামলার লক্ষ্য বেসামরিক মানুষ নয়- পশ্চিমা দেশগুলো এ দাবি করে এলেও লিবিয়া বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেসামরিক মানুষও মারা যাচ্ছে। এর প্রমাণ হিসেবে কয়েকজনের লাশও সাংবাদিকদের দেখিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ত্রিপোলি, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিমান হামলার লক্ষ্য বেসামরিক মানুষ নয়- পশ্চিমা দেশগুলো এ দাবি করে এলেও লিবিয়া বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেসামরিক মানুষও মারা যাচ্ছে। এর প্রমাণ হিসেবে কয়েকজনের লাশও সাংবাদিকদের দেখিয়েছে তারা। বৃহস্পতিবার সকালে ত্রিপোলির একটি হাসপাতালে সাংবাদিকদের নিয়ে যান লিবীয় কর্মকর্তারা। সেখানে সেনা ও সাধারণ নাগরিকসহ ১৮ জনের লাশ দেখানো হয় তাদের। কর্মকর্তাদের দাবি, নিহতরা পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার। তবে লিবিয়ায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান জেরার্ড হুবারের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, বিমান হামলায় বেসামরিক মানুষ মারা যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। লিবিয়ায় গত পাঁচ দিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তাদের মিত্র দেশগুলো। পশ্চিমা বাহিনীর হামলার পরও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহর লক্ষ্য করে সরকারি বাহিনীর ট্যাঙ্ক হামলা বন্ধ করা যায়নি। এমনকি দেশটির পূর্বাঞ্চলীয় কৌশলগত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেও গাদ্দাফি অনুগতদের হঠানো সম্ভব হয়নি। উত্তর আফ্রিকার এ দেশটির চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, তারা যুদ্ধ চালিয়ে যাবেন। কোনোভাবেই নতি স্বীকার করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১১০০ ঘ.