২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া হামলায় জড়াতে চায় না জার্মানি

ভূমধ্যসাগরে ন্যাটোর সামরিক অবস্থান থেকে সমরাস্ত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমধ্যসাগরে ন্যাটোর সামরিক অবস্থান থেকে সমরাস্ত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। লিবিয়ায় হামলার নেতৃত্ব ন্যাটোকে হস্তান্তরের পরিকল্পনার মুখে এ ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইলে এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ন্যাটো থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সেনাবাহিনী। জার্মান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভূ-মধ্যসাগর থেকে দুটি ফ্রিগেট এবং ডব্লিউএসিএস সারভেইল্যান্স বিমানের বৈমানিকদের ন্যাটোর নেতৃত্ব থেকে সরিয়ে জার্মানির আওতায় আনা হচ্ছে। "এ ছাড়া ৫৫০ জন ক্রু রয়েছে এমন দুটি যুদ্ধজাহাজও জার্মান নির্দেশে পরিচালিত হবে।" কূটনীতিকরা বলছেন, বুধবার ২৮ দেশের জোট ন্যাটোর বৈঠকে লিবিয়ায় জাতিসংঘ অনুমোদিত উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা বাস্তবায়নের এ অভিযান পরিচালনার নেতৃত্ব গ্রহণ বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত এসেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব কয়েকদিনের মধ্যেই ন্যাটোর কাছে হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। ন্যাটো এ অভিযানের নেতৃত্বে গেলে জার্মানির যুদ্ধে জাড়িয়ে পড়ার আশঙ্কায় ভূমধ্যসাগর থেকে সমরাস্ত্র সরাতে চায় জার্মানি। ন্যাটোর এ সামরিক অভিযানের নেতৃত্ব নেওয়া নিয়ে মতবিরোধ রয়েছে জার্মানি, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮৫১ ঘ.