ব্রাসেলস, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়া অভিযানের নেতৃত্ব থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে এর দায়িত্ব নিতে দ্বিধাগ্রস্ত ন্যাটো। সোমবার ন্যাটোর বৈঠকে এ ব্যাপারে কোনো মতৈক্য হয়নি।
ব্রাসেলসে ন্যাটোর কয়েক সপ্তাহের বৈঠকের পরও লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।
কেবলমাত্র জাতিসংঘ প্রস্তাবে লিবিয়াকে অস্ত্র সরবরাহের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তা কার্যকর করতে সাহায্য করার ব্যাপারে একমত হয়েছেন ন্যাটো রাষ্ট্রদূতরা।
সোমবারের বৈঠকে তারা উড্ডয়ন নিষিদ্ধ এলাকার (নো ফ্লাই জোন) ব্যাপারে ন্যাটোজোটের ভূমিকা নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নেওয়ারও চেষ্টা চালান।
কিন্তু বৈঠক থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি বলে জানিয়েছেন ন্যাটোর এক কূটনীতিক। তবে ন্যাটো বলছেন, আলোচনা চলবে।
জোটের সদস্য তুরস্ক লিবিয়ায় হস্তক্ষেপের বিরোধী এবং ফ্রান্স ন্যাটোর নেতৃস্থানীয় ভূমিকার বিরোধী। আরব দেশগুলোও ন্যাটো নেতৃত্বের বিরোধিতা করছে।
কিন্তু যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে বহুজাতিক বাহিনীর অভিযানের সমন্বয় সাধনের জন্য ন্যাটোর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ন্যাটো 'অভিযান পরিচালনা এবং পরিকল্পনা'য় অংশ নিতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যাঁেল জুপে।
তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লিবিয়া অভিযান পরিচালনা করছে। কদিন পর যুক্তরাষ্ট্র নেতৃত্ব ছেড়ে দিলে এ সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত ন্যাটো।
কিন্তু ন্যাটোর এ ভূমিকার জন্য জোটের ২৮ টি দেশের রাজনৈতিক সমর্থন প্রয়োজন পড়বে। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক কয়েকটি শর্তে ন্যাটোর এ ভূমিকা মানবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩২ঘ.
bdnews24