২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্রের আঘাত গাদ্দাফির দুর্গে

হামলার লক্ষ্য মুয়াম্মার গাদ্দাফি নয়- পেন্টাগন একথা বললেও পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে রাজধানী ত্রিপোলিতে লিবিয়ার শাসকের দুর্গে। বিধ্বস্ত হয়েছে দুর্গের একটি ভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ত্রিপোলি, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামলার লক্ষ্য মুয়াম্মার গাদ্দাফি নয়- পেন্টাগন একথা বললেও পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে রাজধানী ত্রিপোলিতে লিবিয়ার শাসকের দুর্গে। বিধ্বস্ত হয়েছে দুর্গের একটি ভবন। রোববার রাতে দ্বিতীয় দিনের মতো লিবিয়ায় হামলা চালায় যৌথবাহিনী। ত্রিপোলিতে কর্নেল গাদ্দাফির বাব আল-আজিজিয়া দুর্গ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এখান থেকেই গাদ্দাফি বিভিন্ন সময়ে ভাষণ দিতেন। ১৯৮৬ সালেও যুক্তরাষ্ট্র ওই দুর্গে বোমা হামলা চালিয়েছিলো। সোমবার সকালে লিবিয়ার কর্মকর্তারা পশ্চিমা সাংবাদিকদের ক্ষেপণাস্ত্রের আঘাতে আল-আজিজিয়ার ধ্বংস হওয়া ভবনটি দেখায়। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম একে 'বর্বরোচিত' হামলা বলেছেন। তিনি জানান, এ ক্ষেপণাস্ত্র হামলায় কেউ হতাহত হয়নি। তবে হামলার সময় গাদ্দাফি সেখানে ছিলেন কিনা, তা বলতে অস্বীকৃতি জানান ইব্রাহিম। যৌথবাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন, ওই দুর্গ থেকেই গাদ্দাফি সামরিক নির্দেশনা দিতেন।রোববার রাতে ও সোমবারের ভোরে দ্বিতীয় পর্যায়ের হামলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে ইতালি ও কানাডা যোগ দেয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার রাতে ডুবজাহাজ থেকে আবারো টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন ভাইস অ্যাডমিরাল বিল গোর্টনির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রোববার রাতের এ অভিযানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাবাহিনী লিবিয়ার বিমান প্রতিরক্ষা স্থাপনায় মোট ১২৪টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ওদিকে, লিবিয়ায় পশ্চিমাদের এ সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে আরব লীগ। আরব লীগের মহাসচিব আমর মুসা রোববার বলেন, "আমরা লিবিয়ার সাধারণ মানুষকে রক্ষা করতে চেয়েছিলাম, আরো বেশি সাধারণ মানুষের প্রাণহানি দেখতে চাইনি।" লিবিয়া পরিস্থিতি নিয়ে ২২ দেশের জোট আরব লীগের তিনি জরুরি বৈঠক আহ্বান করেছেন, যদিও লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিলো আরব লীগ। চীন সোমবার লিবিয়ায় যৌথবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এছাড়া যৌথবাহিনীর হামলায় লিবিয়ায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলা নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিক রোববার এক বিবৃতিতে বলেন, "এ বিষয়টি বিবেচনা করে আমরা বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের জন্য অভিযানে জড়িত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।" তবে লিবিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির সময় ভোটদানে বিরত থাকে ভেটো প্রদান ক্ষমতা সম্পন্ন এ দুটি দেশ। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা এবং নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সীমিত আকারে সামরিক অভিযানের প্রস্তাব পাস হয়। শুক্রবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় লিবিয়া সরকার। তবে লিবিয়া অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে- এ অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা শনিবার লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। শনিবার রাতেও দ্বিতীয় দফায় অস্ত্রবিরতির ঘোষণা দেয় লিবিয়া। সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, "আজ রাত ৯টা থেকে অস্ত্রবিরতি মেনে চলার জন্য নিরাপত্তা বাহিনীর সব ইউনিটকে নির্দেশ দিয়েছে সশস্ত্র বাহিনী।" কিন্তু লিবিয়ার দ্বিতীয় দফা অস্ত্রবিরতির ঘোষণাও নাকচ করে রোববার রাতে আবারো হামলা চালায় যৌথবাহিনী। লিবিয়ার দ্বিতীয় দফা অস্ত্রবিরতি প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলিন রোববার সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ- এটা সত্য নয় অথবা এরই মধ্যে অস্ত্রবিরতি লঙ্ঘিত হয়েছে।" যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, তারা লিবিয়ায় আরো হামলা চালাবে। তিনি বলেন, "এটা একটি চলমান সামরিক অভিযান। আমি মনে করি, আরো হামলা চালানো হবে।" যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ায় জাতিসংঘ অনুমোদিত উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা বাস্তবায়নে অভিযানে অংশ নিতে কাতার চারটি যুদ্ধবিমান পাঠাচ্ছে। আরব দেশ হিসেবে কাতারই প্রথম এ অভিযানে অংশ নিচ্ছে। অভিযানে অংশ নিতে ফরাসি বিমানবাহী যুদ্ধজাহাজ শার্ল দ্য গলে ভূ-মধ্যসাগরীয় তুলোঁ বন্দর থেকে লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। ডেনমার্ক ও নরওয়ে ছয়টি করে যুদ্ধবিমান পাঠাচ্ছে। স্পেন এরমধ্যেই অভিযানে অংশ নিতে তিনটি যুদ্ধবিমান ও একটি জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে। ইতালির যুদ্ধবিমান অভিযানে অংশ নিতে প্রস্তুত রাখা হয়েছে। ইতালির সিসিলি বিমান ঘাঁটিতে ছয়টি যুদ্ধবিমান মোতায়েন করেছে কানাডা এবং সেগুলোকে অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছে। লিবিয়ার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শনিবার থেকে রোববার পর্যন্ত পশ্চিমাদের হামলায় ৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তবে হতাহতের বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে, লিবিয়ার নিরাপত্তা বাহিনী বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজিতে এবং মিসরাতায় আক্রমণ শুরু করেছে। প্রত্যক্ষদর্শী একজন রয়টার্সকে বলেছেন, রোববার রাতে বেনগাজিতে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিসরাতায় বিদ্রোহী বাহিনীর এক মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী রোববার গোলা ছুড়ে নতুন করে হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬১০ ঘ.