ত্রিপোলি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পশ্চিমা দেশগুলোর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে রক্ষায় মানবপ্রাচীর গড়েছে তার রাজনৈতিক সমর্থকরা।
লিবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক অভিযানের অংশ হিসেবে শনিবার প্রথম বিমান হামলা চালায় ফ্রান্স।
এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও কাতার অভিযানে যোগ দেয়। টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন নৌবাহিনী।
পরাশক্তিগুলোর এ হামলার মধ্যে অবস্থানে অনড় রয়েছে গাদ্দাফির রাজনৈতিক সমর্থকরা। ত্রিপোলিতে কয়েক হাজার মানুষ গাদ্দাফির কার্যালয় ও বাসভবন চত্বরে সমবেত হয়ে তার প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা আগ্রাসনের বিরোধিতা করে। গাদ্দাফিকে রক্ষায় মানবপ্রাচীর গড়ে তোলে তারা।
ক্ষমতাসীন দল পিপলস কংগ্রেস অব লিবিয়ার মহাসচিব মোহাম্মাদ আব্দুল কাসিম আল-জাওয়ি বলেন, "আল-কায়েদার সঙ্গে জড়িত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে আমরা অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পরেও এ বর্বরোচিত হামলা শুরু হয়েছে।"
গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় নো ফ্লাই জোন ও সামরিক অভিযান চালনোর প্রস্তাব পাস হওয়ার পর শনিবার পশ্চিমা শক্তিগুলো এ হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৫০০ ঘ.
bdnews24