আলজিয়ার্স, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফির ১০ লাখেরও বেশি সমর্থকের হাতে অস্ত্র তুলে দিচ্ছে লিবিয়া সরকার।
লিবিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এসব বেসামরিক মানুষকে অস্ত্র দেওয়া শুরু হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যে তা শেষ হবে।
লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, "১০ লাখের বেশি নারী ও পুরুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার এ অভিযান আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হবে।"
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা ঘোষণা ও গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় সামরিক অভিযানের প্রস্তাব পাশ হয়।
জাতিসংঘের ওই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লিবিয়ায় বিমান হামলা চালায় ফ্রান্স। পরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও কাতার অভিযানে অংশ নেয়।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
রোববার সকালে পশ্চিমা সামরিক হামলার বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গাদ্দাফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০১৭ ঘ.
bdnews24