ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে সেখানে বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজারুল কায়েস রোববার সাংবাদিকদের বলেন, বেনগাজিতে সংঘর্ষের খবর পেয়েছি। বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সেখানে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে।
"লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।"
সচিব জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের কবর পাওয়া যায়নি।
শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে সামরিক বাহিনীর গাদ্দাফি-অনুগত অংশের ওপর প্রথম বিমান হামলা চালায় ফ্রান্স। এতে কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়।
ফরাসি বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার আশেপাশের বিমান প্রতিরক্ষাস্থল লক্ষ্য করে ১১০টি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রোববার সকালের দিকে ত্রিপোলিতে নতুন করে হামলা চালায় যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০৪০ ঘ.
bdnews24