২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-রাশিয়া সামরিক জোট বানাচ্ছে না: পুতিন

রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট গত সপ্তাহে মস্কোতে এক দ্বিপাক্ষিক সম্মেলনে তাদের নিজেদের মধ্যকার বন্ধুত্বের বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেছেন; দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকারও করেছেন।

চীন-রাশিয়া সামরিক জোট বানাচ্ছে না: পুতিন

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 06:03 PM

Updated : 26 Mar 2023, 06:05 PM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট বানাচ্ছে না, তবে তারা একে অপরকে সামরিক সহযোগিতা করছে, যা লুকানোও হচ্ছে না।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন; রোববার ওই সাক্ষাৎকারটি প্রচারিত হয় বলে একাধিক বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে মস্কোতে এক দ্বিপাক্ষিক সম্মেলনে তাদের নিজেদের মধ্যকার বন্ধুত্বের বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেছেন; দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকারও করেছেন।

এমন এক সময়ে মস্কোতে এই সম্মেলন হল, যখন রাশিয়াকে ইউক্রেইনে তাদের ‘বিশেষ সামরিক অভিযানে’ বেশ গলদঘর্ম হতে হচ্ছে।

“আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট বানাচ্ছি না। হ্যাঁ, সামরিক-প্রকৌশল খাতে একে অপরের সঙ্গে সহযোগিতার সম্পর্ক রয়েছে আমাদের। সেটা আমরা লুকাচ্ছিও না।

“সবই স্বচ্ছ্, কিছুই গোপন করা হচ্ছে না,” বলেছেন পুতিন। 

পশ্চিমা দেশগুলো নানান ধরনের বৈশ্বিক জোট গড়ার চেষ্টা করছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও নেটোর বিরুদ্ধে নতুন ‘অক্ষশক্তি’ গড়ে তোলার চেষ্টার অভিযোগ আনেন।

“এ কারণেই পশ্চিমা বিশ্লেষকরা কথা বলছেন ১৯৩০ এর দশকে ফ্যাসিস্ট জার্মানি, ইতালি ও সামরিকবাদী জাপান যেমনটা বানিয়েছিল, পশ্চিমা দেশগুলোর তেমনই একটি নতুন অক্ষশক্তি বানানো নিয়ে,” বলেছেন পুতিন।