২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়ারণ্য থেকে ৩ শিম্পাঞ্জি শাবক অপহরণ করে মুক্তিপণ দাবি

অপহরণকারীরা চলতি মাসের শুরুর দিকে ডিআর কঙ্গোর কাতাঙ্গা অভয়ারণ্যে ঢুকে ৩টি শিম্পাঞ্জি শাবক চুরি করে। মুক্তিপণ না পেলে সেগুলোর ক্ষতি করারও হুমকি দিয়ে রেখেছে তারা।

অভয়ারণ্য থেকে ৩ শিম্পাঞ্জি শাবক অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রতিনিধিত্বশীল ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 02:34 PM

Updated : 26 Sep 2022, 05:22 PM

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি অভয়ারণ্য থেকে তিন শিম্পাঞ্জি শাবককে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিম্পাঞ্জি শাবক অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

সিএনএনের তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ভোরের আগে তিনটার দিকে অপহরণকারীরা কাতাঙ্গা অভয়ারণ্যের ইয়ং এনিমেল কনফিসকেটেডের নিরাপত্তা ব্যবস্থা টপকে ভেতরে ঢুকে পড়ে। 

তারা পরে সেখানকার ৫টি শিম্পাঞ্জি শাবকের তিনটি নিয়ে যায় বলে অভয়ারণ্যটির প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক শাঁতেরি জানান।

বাকি ‍দুটি শাবককে তিনি কিচেনে খুঁজে পান, এরা সেখানেই লুকিয়ে ছিল।

অপহৃত তিনটি শাবকের নাম- সিজার, হুসেইন ও মোঙ্গা।

“বিশ্বে প্রথমবার মুক্তিপণের জন্য শিম্পাঞ্জি শাবক অপহরণ করা হল,” বলেছেন শাঁতেরি।

অভয়ারণ্যটির এই প্রতিষ্ঠাতা বলেন, তিন শিম্পাঞ্জি শাবককে নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা তার স্ত্রীকে বার্তা ও বাচ্চাগুলোর ভিডিও পাঠিয়েছে।

“তারা আমাদেরকে বলেছে, তাদের পরিকল্পনা ছিল আমার সন্তানদের অপহরণ করা। আমান সন্তানদের ছুটিতে বাড়ি আসার কথা ছিল। কিন্তু তারা আসেনি। তাই অপহরণকারীরা এই শিম্পাঞ্জি শাবকদের জিম্মি হিসেবে নিয়ে গিয়ে আমাদের কাছে বড় অঙ্কের মুক্তিপণ চেয়েছে,” সিএনএনকে বলেছেন শাঁতেরি।

অপহরণকারীরা জানিয়েছে, তারা শিম্পাঞ্জিগুলোকে ওষুধ দিয়ে অচেতন করে রেখেছে, আর মুক্তিপণ না পেলে শাবকগুলোর ক্ষতি করা হবে।

শাঁতেরি বলছেন, তার অভয়ারণ্যের পক্ষে এই পরিমাণ মুক্তিপণ দেওয়া ‘অসম্ভব’।

“আমাদের কাছে যে কেবল এই পরিমাণ অর্থ নেই তাই নয়, আপনাকে বুঝতে হবে, আমরা যদি তাদের কথা মেনে নিই, তাহলে দুই মাস পর ফের এরকম করতে পারে তারা, আবার (টাকা পেয়েও যে) তারা শাবকগুলো ফিরিয়ে দেবে, তার নিশ্চয়তাও নেই,” বলেছেন তিনি।  

অপহরণকারীদের মুক্তিপণ দিলে এ ধরনের আরও অপহরণের ঘটনা দেখা যাবে বলেও আশঙ্কা তার।

“মহাদেশজুড়ে এ ধরনের ২৩টি অভয়ারণ্য কাজ করছে। আমরা যদি মুক্তিপণ দিই, তাহলে তা উদাহরণ সৃষ্টি করবে এবং অন্যদেরও এ ধরনের অপহরণে উৎসাহ যোগাবে। এজন্য আমাদের খুবই সতর্ক থাকা দরকার,” বলেছেন শাঁতেরি।

ডিআর কঙ্গোর পরিবেশ মন্ত্রীর মিডিয়া উপদেষ্টা মাইকেল কোয়াকপা শিম্পাঞ্জি শাবক অপহরণের ঘটনাকে ‘অমানবিক ও অস্বাভাবিক’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, তারা কোনোভাবেই অপহরণকারীদের দাবির কাছে হার মানবেন না।

কর্তৃপক্ষ ঘটনার তদন্ত ও অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আসছে দিন বা সপ্তাহগুলোতে আমরা ঠিকই তাদের খুঁজে পাবো,” সিএনএনকে বলেছেন কোয়াকপা। 

কঙ্গোর ইতিহাসে এ ধরনের অপহরণের ঘটনা এটাই প্রথম, বলেছেন তিনি।