২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বালি চাপা দিতে হবে'

জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বালি ও কংক্রিট দিয়ে চাপা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

টোকিও, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বালি ও কংক্রিট দিয়ে চাপা দিতে হবে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা। ১৯৮৬ সালে চেরনোবিল থেকে তেজস্ক্রিয়া নির্গমণ ঠেকাতে এ পদ্ধতি প্রয়োগ করা হয়। কর্মকর্তারা বলেছেন, তারা এখনো পরমাণু কেন্দ্রের অন্তত দুটি চুল্লির শীতলীকরণ প্রকোষ্ঠে চাপ ও তাপমাত্রা কমাতে পানির প্রবাহ সৃষ্টির জন্য বিদ্যুৎ সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই কেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে সবচেয়ে গুরুতর ৩ নম্বর চুল্লিতে এখনো পানি ছিটাচ্ছে কর্মীরা। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওই কেন্দ্রে পানি ছিটিয়ে উল্লেখযোগ্য সুফল না পাওয়ায় পরমাণু কেন্দ্রটি বালু ও কংক্রিট দিয়ে চাপা দেওয়াটা তেজস্ক্রিয়া বিপর্যয় এড়ানোর একমাত্র উপায় হতে পারে বলে প্রথমবারের মতো বললেন কেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো)। শুক্রবার টেপকোর এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, "কংক্রিট দিয়ে পরমাণু চুল্লিগুলো ঢেকে ফেলা অসম্ভব নয়। তবে এখন আমরা সেগুলো ঠাণ্ডা করার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি।" রাজাধানী টোকিও থেকে ২৪০ কিলোমিটার উত্তরের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়া নির্গত হয়ে বাতাসে ছড়িয়ে পড়তে পারে-এ আশঙ্কায় শুক্রবারও টোকিওতে লাখ লাখ মানুষ ঘরের মধ্যে অবস্থান করে। চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মাইকেল ও'লেরি বলেছেন, ওই পরমাণু কেন্দ্র সংলগ্ন এলাকার বাইরে যে মাত্রার তেজস্ক্রিয়া ছড়াচ্ছে তাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি খুবই সামান্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিও আমানো শুক্রবার আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের একটি দল নিয়ে নিজের দেশ জাপানে পৌঁছেছেন। আমানোর ঊর্ধ্বতন সহাকরি গ্রাহাম অ্যান্ড্রু বলেন, "পরিস্থিতি এখনো খুব আশঙ্কাজনক। তবে গতকালের পর থেকে অবস্থা আর খারাপের দিকে যায়নি।" তবে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরমাণু চুল্লিগুলো থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে পানি ফেলার কাজে নিয়োজিত হেলিকপ্টারগুলোতে স্বল্প মাত্রার তেজস্ক্রিয়া ধরা পড়েছে। জাপানে ৮ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতির এক সপ্তাহ পূর্ণ হওয়া উপলক্ষে শুক্রবার এক মিনিটের নীরবতা পালন করে দেশবাসী। বিবিসির এক খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা বলছেন, গত শুক্রবারের ওই প্রাকৃতিক দুর্যোগে ৬ হাজার ৪০৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ১০ হাজার ২শ'র মতো মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৬৩৫ ঘ.