২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে চীনকে জার্মানির হুঁশিয়ারি, মানবাধিকার প্রশ্নে উদ্বেগ প্রকাশ

আইনপ্রণেতাদের সামনে বক্তব্যে সুইডেনের নেটো জোটের সদস্য হওয়ার পথ সুগম করতে তুরস্ককে আহ্বানও জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

তাইওয়ান নিয়ে চীনকে জার্মানির হুঁশিয়ারি, মানবাধিকার প্রশ্নে উদ্বেগ প্রকাশ

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 22 Jun 2023, 10:38 PM

Updated : 22 Jun 2023, 10:38 PM

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস পার্লামেন্টে বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকে এক আলোচনায় তিনি চীনকে ভূখণ্ডগত পরিবর্তন অর্জন, বিশেষ করে তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।

চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াংয়ের নেতৃত্বে ওলাফ শলৎস একটি বড় চীনা প্রতিনিধিদলের বৈঠক আয়োজন করেছিলেন।

কোভিড মহামারীর পর থেকে পশ্চিমা দেশগুলো এবং চীনের মধ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে এ সপ্তাহে এটিই ছিল প্রথম মুখোমুখি বৈঠক। 

তৈরি করে আনা এক বক্তব্যে শলৎস বলেন, “পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে স্থিতাবস্থা পরিবর্তনের কোনোরকম একতরফা প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিশেষ করে তাইয়ানের জন্য প্রযোজ্য।”

“আমরা চীনের মানবাধিকার পরিস্থিতি এবং আইনের শাসনের অবস্থা নিয়েও উদ্বিগ্ন।”

তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে চীন শক্তি প্রয়োগ করা কখনও পরিহার করেনি। বরং তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা বাড়িয়েছে।

ওদিকে,তাইওয়ান বেইজিংয়ের এমন পদক্ষেপের তীব্র বিরোধী এবং আক্রান্ত হলে নিজেদেরকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে।

আইনপ্রণেতাদের সামনে বক্তব্যে শলৎস সুইডেনের নেটো জোটের সদস্য হওয়ার পথ সুগম করতে তুরস্ককে আহ্বানও জানান। তিনি বলেন, আগামী নেটো সম্মেলনের টেবিলে সুইডেনেরও একটি আসন থাকা উচিত।