২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা, মুখ খুললেন ওবামা

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আবহ না বদলালে পেলোসির মতো আরও মানুষ আহত হবে বলে সতর্ক করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা, মুখ খুললেন ওবামা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 02 Nov 2022, 11:07 PM

Updated : 02 Nov 2022, 11:07 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দেশের রাজনৈতিক আবহ না বদলালে ‘আরও মানুষ আহত হবে’। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী হামলার শিকার হওয়ার পর ওবামা সতর্ক করে দিয়ে একথা বললেন।

ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি গত শুক্রবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে হাতুড়ি হামলার শিকার হন। মাথা ও হাতে আঘাত পান তিনি। হামলাকারী ন্যান্সিকে না পেয়ে তার স্বামীকে পেটায়। হত্যা চেষ্টা ও অন্যান্য অভিযোগে এরই মধ্যে ৪২ বছর বয়সী একজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে সেই ব্যক্তি কোনও অভিযোগেই দোষ স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে নেভেদায় ডেমোক্র্যাটিক প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ওবামা বলেন, তিনি সম্প্রতি পল পেলোসির সঙ্গে কথা বলেছেন। পল সুস্থ হয়ে উঠছেন।

কিন্তু তার ওপর এমন হামলার ঘটনায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দেশে শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দিতে তৎকালীন পেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা চালানোর মতো সহিংস ঘটনার নজিরও আছে।

নির্বাচিত যে কর্মকর্তারা সহিংসতা পরিহারে ব্যর্থ, এ বিষয়টিকে আমলে নেন না কিংবা ফাঁকা বুলি দিয়ে আগুনে আরও ঘি ঢালেন, তাদের সমালোচনা করে বারাক ওবামা বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে কুচক্রী হিসাবে প্রতিপন্ন করতে চাওয়ার প্রবণতা বিপজ্জনক আবহ সৃষ্টি করে।”

“আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, তাহলে আরও মানুষ আহত হওয়ার ঘটনা ঘটবে।”