২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা

তারা ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসের রকেট তৈরির ভূগর্ভস্থ সাইটে আক্রমণ চালিয়েছে বলে দাবি ইসরায়েলের।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা

প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 04:03 PM

Updated : 13 Feb 2023, 04:03 PM

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণে পুরো ভূখণ্ডটি কেঁপে ওঠে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।

সোমবার স্থানীয় সময় ভোররাতে হামলাটি চালানো হয়, তবে এতে কেউ নিহত বা আহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে খবর হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসের রকেট তৈরির ভূগর্ভস্থ সাইটে আক্রমণ চালিয়েছে।

রোববার গাজার সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছিল অভিযোগ করে ইসরায়েল বলেছে, তারা সেটি গুলি করে ভূপাতিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ অভিযোগ করার পরপরই ইসরায়েল বিমান হামলা চালায়।

ইসরায়েলের কথিত ওই রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো ফিলিস্তিনি গোষ্ঠী।

ফিলিস্তিনের অপর ভূখণ্ড, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দেশটির সেনারা একটি বাড়ি ঘিরে রেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা গুলির শব্দ শুনেছেন এবং সেখানে সম্ভবত হতাহতের ঘটনাও ঘটেছে বলে ধারণা তাদের।

মূলত নাবলুস ও নিকটবর্তী শহর জেনিন ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘ডেন অব লায়ন্স’ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

তাৎক্ষণিকভাবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বাহিনী গত বছর জেনিনে ব্যাপক অভিযান পরিচালনা করেছিল।

২০০৭ সালে হামাসের ক্যাডাররা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেশ কয়েকবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছে। গাজার ছোট ছোট উপদলগুলো যখন ইসরায়েলে হামলা চালায় তখন তেল আবিব সাধারণত হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইসরায়েলের স্থল বাহিনীগুলো সীমান্তে হামাসের অবস্থানগুলো লক্ষ্য করেও গুলি ছুড়েছে।

এরপর গাজা সীমান্তের নিকটবর্তী ইসরায়েলের ছোট শহরগুলোতে সম্ভাব্য রকেট হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়।