নাইজারে পশ্চিম আফ্রিকার সামরিক হস্তক্ষেপ পরিকল্পনায় ফ্রান্সের সমর্থন
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইসিওডব্লিউএএস জানিয়েছিল, রোববারের মধ্যে অভ্যুত্থানের অবসান না ঘটানো হলে নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করে রাখা হয়েছে।
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহাল করার সময়সীমা শেষ হয়ে আসতে থাকার এ সময়ে দেশটিতে পশ্চিম আফ্রিকার নেতাদের সামরিক হস্তক্ষেপ পরিকল্পনা সমর্থন করার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) শুক্রবার জানিয়েছিল, রোববারের মধ্যে অভ্যুত্থানের অবসান না ঘটানো হলে নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করে রেখেছেন প্রতিরক্ষা প্রধানরা।
গত ২৭ জুলাই নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে নির্বাচিত প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়।
এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নেয় ইসিওডব্লিউএএস। গত ৩০ জুলাই এক জরুরি বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জোটের নেতারা বলেন, যে কোনো ধরনের অভ্যুত্থানের বিরুদ্ধে ইসিওডব্লিউএএস ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে।
“এক সপ্তাহের মধ্যে আমাদের শর্ত পূরণ না হলে নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে আঞ্চলিক এই জোট প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।যার মধ্যে হয়তো বল প্রয়োগের ব্যবস্থাও থাকবে।”
বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে আসতে থাকার মধ্যেই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “নাইজারে অভ্যুত্থান প্রচেষ্টা বিফল করে দিতে ফ্রান্স ইসিওডব্লিউএএস- এর সংকল্পবদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে।”
ফ্রান্সের রাজধানী প্যারিসে নাইজারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে ওই বিবৃতি দেওয়া হয়। এতে আরও বলা হয়, নাইজারের ভবিষ্যৎ এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে রয়েছে।
নাইজারের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স ইসিওডব্লিউএএস- এর সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সামরিক সহায়তা দেবে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি। ইসিওডব্লিউএএস নাইজারে অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
আঞ্চলিক এই জোটটির শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক বিষয়ক কমিশনার আব্দেল ফাতাউ মুসা জানিয়েছেন, প্রস্তুত করা সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা অনুযায়ী কখন এবং কোথায় আঘাত হানতে হবে সে সিদ্ধান্ত জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা নেবেন।
