চীনে বায়ু-সৌর শক্তির প্রসার, কার্বন নিঃসরণ রোধে আশার আলো
চীন ২০৩০ সাল নাগাদ সবুজ জ্বালনি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত এ সময়ের ৫ বছর আগেই পেরিয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে নতুন এক গবেষণায়।
চীনে বায়ু ও সৌর শক্তির প্রসার ঘটছে। এতে বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রত্যাশার চেয়েও দ্রুত কমতে পারে বলে আশা জেগে উঠেছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে এমন কথাই।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০৩০ সাল নাগাদ সবুজ জ্বালনি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত এই সময়ের ৫ বছর আগেই পেরিয়ে যাবে বলে প্রতীয়মান হচ্ছে।
যদিও গবেষকরা বলছেন, নতুন নতুন সব বায়ু ও সৌরশক্তির ফার্মগুলোর জন্য চালিকাশক্তি হিসাবে চীনে কয়লা প্রকল্পও বাড়ছে।
চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা ব্যবহারকারী দেশ। বিষেশ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। চীনে প্রায় ৬৯ শতাংশ কার্বন ডাই অক্সাইড নিঃসরণের জন্য কয়লার ব্যবহারই দায়ী।
তবে নতুন গবেষণায় দেখা গেছে, চীন বায়ু এবং সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। তাদের এই প্রচেষ্টা বাড়তে থাকা তাপমাত্রা কমাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে।
স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম) এই গবেষণা করেছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে সম্প্রতি চীনের স্থাপন করা সবুজ জ্বালানি সক্ষমতা খতিয়ে দেখা হয়েছে। সেইসঙ্গে চীনের ঘোষণার ভিত্তিতে পূর্বাভাসও দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ঠিক এ মুহূর্তে গোটা বিশ্বের তুলনায় চীনে বৃহৎ-পরিসরের নানা প্রকল্পে অনেক বেশি সৌর-প্যানেল স্থাপন করা হয়েছে। আর বায়ু শক্তির ক্ষেত্রে চীনের সক্ষমতা সেই ২০১৭ সাল থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে।
কিন্তু গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম) এর মতে, এটি কেবলমাত্র সূচনা। চীন এই খাত দ্রুত সম্প্রসারণ করছে এবং ২০২৫ সাল নাগাদই বায়ু ও সৌর শক্তিতে তারা সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ফেলবে।
