২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাস্কা উপকূলে চীন-রাশিয়ার নৌ টহলের পর যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

অ্যালুশন দ্বীপপুঞ্জের কাছে রাশিয়া ও চীনের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দেওয়ার জবাবে ৪ টি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়।

আলাস্কা উপকূলে চীন-রাশিয়ার নৌ টহলের পর যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 11:10 PM

Updated : 07 Aug 2023, 11:10 PM

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে গতসপ্তাহে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যৌথ টহলের পর সেখানে মোতায়েন হয়েছে চারটি মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানও।

সিএনএন জানায়, আলাস্কার সিনেটর ড্যান সুলিভান ও লিসা মুরকোউস্কি এক বিবৃতিতে বলেছেন, অ্যালুশন দ্বীপপুঞ্জের কাছে রাশিয়া ও চীনের মোট ১১টি জাহাজ টহল দেয়। এর জবাবেই ৪ টি ডেস্ট্রয়ার পাঠানো হয়।

কয়েক দিন ধরে সামরিক বাহিনীর আলাস্কা কমান্ডের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে এবং উকূলের কাছের বিদেশি নৌযানগুলো সম্পর্কে বিস্তারিত খবরাখবর নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম চীন-রাশিয়া নৌ টহলের খবর প্রকাশ করে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছে চীন ও রাশিয়ার বড় ধরনের নৌটহল ছিল এটি।

মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ব্রেন্ট স্যাডলার বলেন, ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।

ইউক্রেইনে রাশিয়ার চলমান যুদ্ধ এবং তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আলাস্কায় নৌবহর পাঠানো ‘খুবই উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছেন তিনি।

এ টহলের বিষয়ে এক বিবৃতিতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মূখপাত্র লিউ পেনগিউ সিএনএন-কে বলেন, চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যেকার বার্ষিক সহযোগিতা পরিকল্পনা অনুযায়ী দু’দেশের নৌবাহিনীর জাহাজ সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় যৌথ টহল দিয়েছে।

কোনও তৃতীয় পক্ষকে নিশানা করে এই টহল দেওয়া হয়নি এবং চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই বলেও জানানো হয় বিবৃতিতে।