ওপেক প্লাসের সিদ্ধান্ত বিশ্বকে মন্দায় ঠেলে দিতে পারে: আইইএ
ওপেক প্লাস গত সপ্তাহে তাদের তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা দৈনিক ২০ লাখ ব্যারেল হ্রাস করার সিদ্ধান্ত জানায়।
ওপেক প্লাস দেশগুলো গত সপ্তাহে তেলের উৎপাদন কামানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
বৃহস্পতিবার আইইএ-র পক্ষ থেকে বলা হয়, “অর্থনীতির লাগামহীন অবনমন এবং ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে তেলের দাম বৃদ্ধি বিশ্বজুড়ে তেলের চাহিদা কমিয়ে দিচ্ছে।”
‘‘ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপ, সুদের হার বৃদ্ধি এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে এরই মধ্যে মন্দার দ্বারপ্রান্তে থাকা বিশ্ব অর্থনীতির জন্য এ সিদ্ধান্ত অবশ্যম্ভাবী পতন ঢেকে আনবে।”
আইইএ-র মাসিক জ্বালানি প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে সৌদি আরবের নেতৃত্বাধীন বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) এবং তাদের মিত্র তেল উৎপাদনকারী দেশগুলো (যার মধ্যে রাশিয়াও অন্তর্ভুক্ত) মিলে ওপেক প্লাস গঠিত।
যুক্তরাষ্ট্রের আপত্তি কানে না তোলায় সৌদি আরবকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্কে এর প্রভাব পড়বে।’’
অন্যদিকে রিয়াদ বলছে, ওপেক প্লাসের সিদ্ধান্ত ‘পুরোপুরি অর্থনৈতিক’ এবং ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থ বিবেচনা করে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে।
ওপেক প্লাস আন্তর্জাতিক বাজারে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম সরবরাহ করার কথা বলেছে। যদিও আইইএ ধারণা করছে, দৈনিক সরবরাহ কমার পরিমাণ ১০ লাখ ব্যারেলের আশেপাশে থাকবে।
অন্যান্য ওপেক সদস্য দেশের সক্ষমতায় সীমাবদ্ধতা থাকার কারণে মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে উৎপাদন হ্রাস করতে হবে বলে মনে করে আইইএ।
ওদিকে জি৭ এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা করেছে তাতেও বিশ্ববাজারে তেলে যোগান কমবে।
ইইউ এ মাসে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সংগঠন জি৭ এর একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। তারা বিশ্ববাজারে রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দিতে চাইছে।
মূলত ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ প্রয়োগ করে দেশটিকে যুদ্ধ থামাতে বাধ্য করতে চাইছে পশ্চিমারা। কিন্তু রাশিয়াকে বাগে আনতে পারছে না।
জি৭ ভুক্ত নয় এমন ক্রেতাদের, এমনকী ইইউ’র বাইরের ক্রেতাদের কাছে যদি রাশিয়ার তেলের সরবরাহে কোন বিঘ্ন ঘটে তাতেও বিশ্ব বাজারে তেলের দাম আরো বাড়বে।
অথচ, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর নাগরিকদের অর্থনৈতিক যন্ত্রণা এরইমধ্যে চরমে উঠেছে। তাদেরকে অস্বাভাবিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নাগালের বাইরে চলে যাওয়া মোকাবেলা করতে হচ্ছে।
