২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার তিগ্রাইয়ের অর্ধেক মানুষের খাদ্য সহায়তার প্রয়োজন তীব্র: ডব্লিউএফপি

তিগ্রাইয়ের যুদ্ধ এরই মধ্যে লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে, অঞ্চলটির অনেক এলাকাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গিয়েছে, কেড়ে নিয়েছে হাজারেরও বেশি মানুষের প্রাণ।

ইথিওপিয়ার তিগ্রাইয়ের অর্ধেক মানুষের খাদ্য সহায়তার প্রয়োজন তীব্র: ডব্লিউএফপি

তিগ্রাইয়ের অর্ধেক গর্ভবতী ও স্তন্যদায়ী মা অপুষ্টিতে ভুগছে। ছবি রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 06:08 PM

Updated : 21 Aug 2022, 03:58 PM

ইথিওপিয়ায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের কারণে তিগ্রাই অঞ্চলের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর খাদ্য সহায়তার প্রয়োজন ‘তীব্র’ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় দাতা সংস্থাগুলোকেও ওই অঞ্চলের বিপদগ্রস্ত মানুষজনের কাছে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে, শুক্রবার বলেছে তারা।

মার্চে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর তিগ্রাইয়ে ত্রাণ সরবরাহ শুরু হলেও সেখানে অপুষ্টির হার ‘আকাশচুম্বী’ অবস্থানে চলে গেছে, অবস্থা আরও খারাপ হবে বলে জাতিসংঘের খাদ্য বিষয়ক এ সংস্থার এক মূল্যায়নে আশঙ্কাও করা হচ্ছে।

গত বছর ন্যাশনাল আর্মি ও তাদের মিত্ররা সরে যাওয়ার দিনকয়েক পরেই ৫৫ লাখ বাসিন্দার তিগ্রাইয়ের ব্যাংকিং ও টেলিযোগাযোগ পরিষেবা কেটে নেওয়া হয়েছিল, তা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়ায় সেখানকার মানুষের খাদ্য কেনার সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে, বলেছে ডব্লিউএফপি।

“ক্ষুধা আরও প্রকট হয়েছে, অপুষ্টির হার আকাশ ছুঁইছে, লোকজন তীব্র ক্ষুধা মৌসুমে প্রবেশ করায় অক্টোবরে ফসল কাটার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হওয়ার পথেই রয়েছে,” বলা হয়েছে তাদের প্রতিবেদনে।

এতে আরও বলা হয়েছে, তিগ্রা্ইয়ের গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের অর্ধেকের পাশাপাশি ৫ বছরের নিচের শিশুদের এক তৃতীয়াংশই অপুষ্টিতে ভুগছে। এর ফলে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, মাতৃমৃত্যু বাড়ছে।

খাদ্য সহায়তা

সমগ্র তিগ্রাই এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী দুই অঞ্চল আফার ও আমহারার আনুমানিক এক কোটি ৩০ লাখ মানুষের খাদ্য সহায়তা দরকার বলে জানাচ্ছে ডব্লিউএফপি। এই সংখ্যা তাদের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে দেওয়া সংখ্যার ৪৪ শতাংশ বেশি।

জাতিসংঘ জানিয়েছে, গত ১ এপ্রিল থেকে মাত্র ১৭ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি তিগ্রাইতে প্রবেশ করেছে, যা ওই অঞ্চলের প্রতি মাসের প্রয়োজনের ২০ শতাংশেরও কম।

জ্বালানির এই ঘাটতির প্রভাবেই তিগ্রাইয়ে খাদ্য সহায়তা দরকার এমন মানুষের সংখ্যা বেড়েছে বলে দেখা যাচ্ছে। ছয় মাসের ‘ডি ফ্যাক্টো’ অবরোধের সময় জানুয়ারিতে ওই এলাকার খাদ্য সহায়তা দরকার এমন মানুষের সংখ্যা ছিল ৮৩ শতাংশ।

এপ্রিল থেকে তিগ্রাইতে বড় আকারে গাড়িবহর ঢোকা শুরু হলেও দাতা সংস্থার কর্মীরা খাদ্য সরবরাহে হিমশিম খান, যে কারণে খাদ্য সহায়তা দরকার লোকের সংখ্যাও বেড়ে হয় ৮৯ শতাংশ। এর মধ্যে সহায়তা তীব্রভাবে দরকার এমন মানুষের সংখ্যা জানুয়ারির ৩৭ শতাংশ থেকে বাড়তে বাড়তে অগাস্টে ৪৭ শতাংশে পৌঁছায়।

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকা নিয়ে মন্তব্যের জন্য ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেগেসে টুলুর সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার এবং তিগ্রাই যাদের নিয়ন্ত্রণে, সেই তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনাও দিন দিন ক্ষীণ হচ্ছে। দুই পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে আলোচনার টেবিলে না আসার অভিযোগ করে যাচ্ছে।

ইথিওপিয়ার সরকার চলতি মাসের শুরুর দিকে বলেছে, তারা কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে চায়। অন্যদিকে টিপিএলএফ বেসামরিক পরিষেবা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

দুই পক্ষের যুদ্ধ এরই মধ্যে লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে, তিগ্রাইয়ের অনেক অংশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে গিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে হাজারেরও বেশি মানুষের।