২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ সেনা সমাবেশ শেষের ঘোষণা দিল রাশিয়া

ইউক্রেইন যুদ্ধে লড়তে ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের যে ঘোষণা রাশিয়া দিয়েছিল, তা শেষ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

রয়টার্স

Published : 29 Oct 2022, 12:42 AM

Updated : 29 Oct 2022, 12:42 AM

ইউক্রেইনে লড়াই করার জন্য রিজার্ভ সেনা ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে বলে ঘোষণা করেছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেইন যুদ্ধে লড়তে আংশিকভাবে ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের যে ঘোষণা সেপ্টেম্বরে দেওয়া হয়েছিল তা সম্পন্ন হয়েছে।

এই রিজার্ভ বাহিনীর এক-চতুর্থাশেরও বেশি সেনাকে এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিভিতে প্রচারিত এক বৈঠকে শোইগু এ ঘোষণা দেন এবং বাড়তি আর কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানান।

শোইগু বলেন, ৩ লাখ রিজার্ভ সেনার মধ্যে ২৮১,০০ সেনা প্রশিক্ষণে আছে, ৮২,০০০ সেনাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।

ইউক্রেইনে রাশিয়া ‘সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে জনসমর্থন পক্ষে থাকলেও প্রেসিডেন্ট পুতিন রির্জাভ সেনা সমাবেশের ঘোষণা দেওয়ার পর জনগণের কাছ থেকে প্রথম সমালোচনার মুখে পড়েছিল কর্তৃপক্ষ। রাশিয়ার অনেক নাগরিক বিদেশেও পালিয়ে গিয়েছিল।

এবার সেনা সমাবেশ শেষের ঘোষণার মধ্য দিয়ে সেই বিতর্কিত কর্মসূচির সমাপ্তি ঘটল বলেই মনে করা হচ্ছে। শোইগু বলেছেন, আগামীতে ইউক্রেইন অভিযানের জন্য আর রিজার্ভ সেনা না ডেকে বরং সেচ্ছ্বাসেবী এবং পেশাদার সৈনিক নেওয়া হবে।

গত মাসে ইউক্রেইনে যুদ্ধক্ষেত্রের বেশকিছু এলাকা থেকে রুশ সেনাদের পিছু হটার মুখে পুতিন আংশিক রিজার্ভ সেনা সমাবেশের নির্দেশ দিয়েছিলেন। এর পক্ষে যুক্তি দেখিয়ে পুতিন বলেছিলেন, ইউক্রেইনে যুদ্ধক্ষেত্র এত বড় যে কেবল চুক্তিভিত্তিক সেনাদের দিয়ে প্রতিরক্ষা সম্ভব হচ্ছে না।

পুরনো খবর:

রিজার্ভ সেনা সমাবেশ শেষ হবে দুই সপ্তাহের মধ্যে: পুতিন