Published : 16 Sep 2026, 06:37 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে এনবিসি নিউজের একটি খবর সংগ্রহকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় ‘নিউজচপার ৪’ নামের হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে সরাসরি লাইভ সম্প্রচারে নিশ্চিত করেছেন এনবিসির সংবাদ পাঠকেরা।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ জানায়, দুর্ঘটনাস্থলে মোট চারজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন-এয়ার সম্প্রচারে এনবিসির সংবাদ পাঠিকা কলিন উইলিয়ামস বলেন, “আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য মেলাচ্ছিলাম। আমরা জানতাম আমাদের একটি নিউজ চপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, নিউজচপার ৪ আজ রাত ৭টার ঠিক আগে চ্যাটসওয়ার্থে বিধ্বস্ত হয়েছে।”
তবে হেলিকপ্টারটিতে মোট কতজন আরোহী ছিলেন বা নিহত ও আহতরা এনবিসির কর্মী কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
হেলিকপ্টার দুর্ঘটনার কিছু আগে ওই এলাকায় লস অ্যাঞ্জেলেস মেট্রোর একটি বাস ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজন নিহত হন।
বেশ কয়েকটি টিভি চ্যানেলের নিউজ হেলিকপ্টার আকাশ থেকে সেই বাস দুর্ঘটনার খবর সংগ্রহ ও দৃশ্য ধারণ করছিল। তখনই এনবিসির হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এই হেলিকপ্টার দুর্ঘটনা ও বাস সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য জরুরি সেবা কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি কমকাস্টের মালিকানাধীন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিওশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যৌথভাবে এই দুর্ঘটনার কারণ তদন্ত করবে।