গাজায় বিমান হামলা জোরদার করবে ইসরায়েল
গাজার উত্তরাঞ্চলে যারা অবস্থান করছে, তাদেরকে ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েল।
গাজায় ভারি বোমাবর্ষণের মধ্য দিয়ে বিমান হামলা জোরদারের সংকল্প নিয়েছে ইসরায়েল।তারা গাজার উত্তরাঞ্চলে যারা অবস্থান করছে, তাদেরকে ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে সরে যেতে বলেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলা জোরদারের ফলে যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইসরায়েলি বাহিনীর ঝুঁকি কমানো সম্ভব হবে। যুদ্ধের পরবর্তী ধাপে ইসরায়েল গাজায় স্থল অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে।
এ অভিযানকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। তারা গাজা সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংক ও সেনা সমাবেশ করেছে। তবে স্থল অভিযান কবে, কখন শুরু হতে পারে তা তারা জানায়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় লাগাতার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
এসব হামলায় গাজায় এখন পর্যন্ত ৪,৩০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
