২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে নারীরা পুরুষের তুলনায় ৪৩% কম আয় করেন

লিঙ্গ ভিত্তিক মজুরি ব্যবধান নিয়ে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সুইজারল্যান্ডে নারীদের একটি বড় অংশ ফুল-টাইম নয় বরং পার্ট-টাইম কাজ করেন।

রয়টার্স

Published : 07 Sep 2022, 07:40 PM

Updated : 07 Sep 2022, 07:40 PM

সুইজারল্যান্ডে নারীরা পুরুষদের তুলনায় ৪৩ শতাংশ কম আয় করেন এবং তারা অবসর ভাতাও কম পান।

লিঙ্গ ভিত্তিক মজুরি ব্যবধান নিয়ে তৈরি একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ড সরকার প্রতিবেদনটি গ্রহণ করেছে।

বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে নারীদের একটি বড় অংশ ফুল-টাইম নয় বরং পার্ট-টাইম কাজ করেন।

এর আগে ২০১৯ সালে সরকার পরিচালিত জেন্ডার ওভারঅল আর্নিংস গ্যাপ (জিওইজি) গবেষণায় দেখা গেছে, ইউরোপের প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের ‍অবস্থা তুলনামূলক খারাপ।

দেশটির জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর থেকে বলা হয়, ‘‘২০১৮ সালে সুইজারল্যান্ডে জিওইজি ছিল ৪৩ দশমিক ২ শতাংশ। এর অর্থ, পুরো কর্মঘণ্টায় ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে পুরুষদের তুলনায় নারীরা ৪৩ দশমিক ২ শতাংশ আয় কম করে।”

এছাড়া, ২০২০ সালে লিঙ্গ ভিত্তিতে অবসর ভাতা পাওয়ার মধ্যে ৩৪ দশমিক ৬ শতাংশ ব্যবধান ছিল। সুইজারল্যান্ডে একজন নারী গড়ে ৩৫ হাজার ৮৪০ সুইস ফ্রাংক অবসর ভাতা পান। পুরুষরা তাদের তুলনায় ১৮ হাজার ৯২৪ সুইস ফ্রাংক বেশি অবসর ভাতা পান।

এটি কর্মসংস্থানে অংশগ্রহণের পার্থক্য, পরিবার ও জীবন মডেলের প্রভাব এবং সময়ের সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের মধ্যে মজুরি ব্যবধানকে প্রতিফলিত করে।

রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থার সংস্কার প্রয়োজন কিনা সে প্রশ্নে আগামী ২৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হবে।

সংস্কার প্রস্তাবে নারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬৫ করার কথা বলা হয়েছে।দেশটিতে পুরুষদের অবসরের বয়স ৬৫ বছর। সরকারের অবসর ভাতা তহবিলের অর্থ জোগাড়ে সহায়তার জন্য মূল্য সংযোজন কর বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে।