২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে প্রথম দিনের শান্তি বৈঠক ‘ফলপ্রসূ’, বলল ইউক্রেইন

ইউক্রেইনের রাশিয়ার নতুন করে হামলার প্রেক্ষাপটে শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও প্রথম দিনের বৈঠক ইতিবাচক হওয়ার খবর এল।

আবুধাবিতে প্রথম দিনের শান্তি বৈঠক ‘ফলপ্রসূ’, বলল ইউক্রেইন
আবুধাবির বৈঠকে রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রথম দিনের শান্তি বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন।

বুধবার থেকে এই আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এদিন ইউক্রেইনের প্রতিনিধিদলের প্রধান আলোচক এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল প্রধান রুস্তম উমেরভ এক্সে লেখেন, “প্রথম দিনের (বুধবার) আলোচনা বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ হয়েছে। বাস্তবসম্মত বিভিন্ন পদক্ষেপ এবং কার্যকর সমাধান নিয়ে মূলত আলোচনা হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও প্রথম দিনের আলোচনাকে ফলপ্রসূ বলেছেন।

যদিও আবুধাবিতে শান্তি আলোচনা চলার মধ্যেই বুধবার ইউক্রেইনে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরিকল্পিতভাবে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে শীতের মৌসুমে হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেইনের রাশিয়ার এই হামলার প্রেক্ষাপটে আবুধাবির শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও প্রথম দিনের বৈঠক ফলপ্রসূ হওয়ার খবর এল।

আবু ধাবির বৈঠকে মার্কিন আলোচক দলে আছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা থেকে বাস্তবসম্মত ফল আসা অপরিহার্য। তাছাড়া, এই আলোচনা শিগগিরিই নতুন বন্দিবিনিময় চুক্তির পথে এগিয়ে যাক সেই আশাও প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি বলেন, “ইউক্রেইনের জনগণের অবশ্যই এমন বোধ করা উচিত যে পরিস্থিতি আসলেই শান্তি এবং যুদ্ধ শেষের দিকে যাচ্ছে। রাশিয়া তার সুবিধামত সবকিছু করছে এবং হামলা চালিয়ে যাচ্ছে-এমন কিছুর দিকে পরিস্থিতি যাচ্ছে না।”

ওদিকে, রাশিয়া বলেছে, “শান্তিপূর্ণ সমাধানের দ্বার খোলা। তবে কিইভ রাশিয়ার দাবি মেনে না নেওয়া পর্যন্ত মস্কো সামরিক হামলা চালিয়ে যাবে।”