Published : 28 Jul 2025, 03:26 PM
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে নির্বিচার গুলিবষর্ণণের এক ঘটনায় বন্দুকধারীরসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন, এক বিবৃতিতে জানিয়েছে থাই পুলিশ।
সোমবারের এ ঘটনায় বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে জানিয়েছেন।
এক বিবৃতিতে থাইল্যান্ডের পুলিশ বলেছে, “পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ও ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত করছে।”
বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচজন মার্কেটটির নিরাপত্তা রক্ষী বলে বিবৃতিতে বলা হয়েছে।
মার্কেটটি যে এলাকায় অবস্থিত ব্যাংককের সেই ব্যাং সু এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলির এই ঘটনায় কোনো পর্যটক নিহত বা আহত হননি।
এই মার্কেটটিতে প্রধানত কৃষি থেকে উৎপাদিত পণ্য বিক্রি করা হয়। দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থাইল্যান্ডে পর্যটন অন্যতম অর্থনৈতিক চালক।
পুলিশের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা ক্যাপ পরা ও পিঠে ব্যাগপ্যাক ঝুলিয়ে এক সন্দেহভাজন মার্কেটটির গাড়ি পার্কিং এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন।
থাইল্যান্ড বন্দুক সহিংসতা ও বন্দুকের মালিকানা বিরল কোনো বিষয় নয়। ২০২৩ সালের অক্টোবরে ব্যাংককের কেন্দ্রস্থলে বিলাসবহুল এক মার্কেটে ১৪ বছরের এক সন্দেহভাজন কিশোর স্থানীয়ভাবে তৈরি একটি পিস্তল ব্যবহার করে দুইজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল।
এর এক বছর আগে সাবেক একজন পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিশুদের এক নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ২২ শিশুসহ ৩৬ জনকে হত্যা করেছিল।