১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধাপে ধাপে আকাশসীমা খুলে দেওয়ার পরিকল্পনা ইরানের

মূলত চার ধাপে আকাসীমা খোলা হবে এবং দেশের পূর্ব থেকে পশ্চিমে বিমানবন্দরগুলো চালু করা হবে- বলেছেন ইরানের অসামরিক বিমান পরিবহন সংস্থার উপ-পরিচালক।

ধাপে ধাপে আকাশসীমা খুলে দেওয়ার পরিকল্পনা ইরানের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরুর সাত সপ্তাহ পর খুলতে চলেছে ইরানের আকাশসীমা। ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ইরানের অসামরিক বিমান পরিবহন সংস্থার উপ-পরিচালক জানিয়েছেন, মূলত চার ধাপে এই কাজ করা হবে এবং দেশের পূর্ব থেকে পশ্চিমে বিমানবন্দরগুলো চালু করা হবে।

চার ধাপের প্রথম ধাপে ইরানের উপর দিয়ে যাতায়াত করা অন্য দেশের বিমানগুলোকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে দেশের পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলোর পরিষেবা চালু করা হবে। 

তৃতীয় ধাপে মেহরাবাদ এবং ইমাম খোমেইমি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। চতুর্থ ধাপে পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলো ধীরে ধীরে চালু করা হবে।

তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আকাশসীমা খুলে দেওয়া এবং বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে কবে থেকে বিমান চলাচল শুরু হবে, কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা জানার জন্য তারা যাতে ঘোষণার ওপর নজর রাখেন।

গত ২৮ ফেব্রুয়ারি বন্ধ করা হয়েছিল ইরানের আকাশসীমা। সেদিনই ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। 

সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি নিহত হয়েছিলেন। বর্তমানে বাণিজ্যিক কোনও উড়োজাহাজ চলাচল করছে না। তবে কিছু উড়োজাহাজ অনুমতিসাপেক্ষে চলাচল করছে।