বন্ডাই সৈকতে হামলা ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা': অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
গুলির ঘটনাটি ঘটে সেই সময় যখন ইহুদিদের হানুক্কাহ উৎসবের প্রথম দিন উপলক্ষে সৈকতে সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিল।
অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির ভিড়ে ঠাসা বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনাকে ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা' আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
গুলির ঘটনাটি ঘটে সেই সময় যখন ইহুদিদের হানুক্কাহ উৎসবের প্রথম দিন উপলক্ষে সৈকতে সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিল। বন্দুকধারীদের হামলায় সেখানে নিহত হয় অন্তত ১২ জন এবং আহত হয় আরও ৩০ জন।
পুলিশের গুলিতে নিহত হয় এক আততায়ী। আরেক আততায়ীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ধারণা, বহু মাস ধরে পরিকল্পনা করেই এই বিশেষ দিনে হামলার ছক কষেছিল আততায়ীরা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘যে দিনটি হতে পারত আনন্দের’ সেই দিনেই অস্ট্রেলীয়দেরকে নিশানা করে সৈকতে এই গুলি চালানো হয়েছে।
“এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই জঘন্য সহিংসতা এবং ঘৃণার কোনও স্থান এখানে নেই”, বলেন তিনি।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছেন।
মিনস বলেন, “সিডনির জন্য আজ (রোববার) এক ভয়াবহ রাত। সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।” তিনি জনগণকে একতাবদ্ধ হওয়ার ডাক দেন।
গুলির ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও জানান মিনস। অন্যদিকে, সিডনির পুলিশ কমিশনার ম্যাল লানইয়োন বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে '“এটি ছিল এক সন্ত্রাসী হামলা।”
সৈকতে শিশুদের পার্কের কাছে হানুক্কাহ উৎসব পালন করা হচ্ছিল। সেখানেই চলে গুলি। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। হামলায় তৃতীয় আরেকজন জড়িত থাকার সন্দেহে তাকে খুঁজছে পুলিশ।
ঘটনার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। একটিতে দেখা গেছে, সৈকতে গাড়ি পার্কিংয়ের জায়গায় কালো পোশাক পরে ঘুরছে দুই আততায়ী। আরেক ভিডিওতে দেখা যায়, এক আততায়ীর হাত থেকে রাইফেল কেড়ে নিচ্ছেন একজন।
তারপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বন্দুকধারী। তাকে ধাওয়া করে বাকিরা। তবে দ্বিতীয় আরেকজনকে কাছের একটি সেতু থেকে টানা গুলি চালাতে দেখা যায় ভিডিওতে।
