বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, সব প্রাথমিক স্কুল বন্ধের সিদ্ধান্ত
ঘন কুয়াশার সঙ্গে দূষণে ভারতের গোটা রাজধানীই ধোঁয়াশায় ঢেকে গেছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। সমস্যা হচ্ছে যান চলাচলে। বিমানও দেরিতে উড়ছে।
ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত। শীত পড়তেই কুয়াশা নয়, ধোঁয়াশায় ঢাকা পড়েছে দিল্লি। বাতাসের গুণমান ‘মারাত্মক’পর্যায়ে ছিল শুক্রবারও। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে দিনে গড়ে ৪৯৫ -এ। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সব প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার সঙ্গে দূষণে গোটা দিল্লিই কার্যত ধোঁয়াশায় ছেয়ে গেছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। সমস্যা হচ্ছে যান চলাচলে। বিমানও দেরিতে উড়ছে। দিল্লির রুটে অধিকাংশ ট্রেনই কমপক্ষে ২ ঘণ্টা দেরিতে চলছে।
প্রবল দূষণের কথা মাথায় রেখেই আপাতত দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অতিশি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনেই শিক্ষার্থীদের পাঠদান চলবে।
দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ৪৪১, অশোক বিহারে ৪৪০, ইন্দিরা গান্ধী বিমানবন্দর ৪৪৬, দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাসে ৪৪৭,রোহিণীতে ৪৫৮ । দিল্লির বাতাসের গুণমান 'খুব খারাপ' থেকে ‘মারাত্মক’ পর্যায়ে চলে গেছে।
রাজধানীতে ক্ষতিকর পিএম ২.৫ মাত্রা খুবই বেশি। এই সূক্ষ ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসে ছেদ করে ফেলতে পারে।
বায়ু দূষণের মাত্রা বুঝতে পিএম ২.৫, পিএম ১০ ছাড়াও সালফার ডাই অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও গ্রাউন্ড লেভেল ওজোনে সৃষ্ট বায়ুদূষণ বিবেচনা করে তৈরি করা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই।
এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।আর স্কোর ৪০১ এর ওপরে গেলে তা ‘মারাত্মক’ বলেই বিবেচনা করা হয়।
ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়নি। গত মাসের শেষেই দেখা গিয়েছিল শীত মৌসুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে এবং বাতাসের গুণমান সূচকও হু হু করে কমছে।
পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষিজমিতে নাড়া (ফসলের গোড়া) আর খড়বিচালি পোড়ানোর কারণেই দিল্লিতে দূষণ মারাত্মক আকার ধারণ করতে থাকে।
পরিস্থিতি মোকাবেলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দূষণ রোধে নিষেধাজ্ঞা না মেনে খড় পোড়ানোর অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। কিন্তু এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার লক্ষণই দেখা যাচ্ছে।
