২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা ট্রাম্পের

নেদারল্যান্ডসের হেগে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের এটম বোমা হামলার মধ্য দিয়ে জাপানের যুদ্ধ শেষের সঙ্গে এবারের হামলায় ইরানের যুদ্ধ শেষের তুলনা করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, দুই ক্ষেত্রে হামলাই যুদ্ধ বন্ধ করেছে। বুধবার নেটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে নেদারল্যান্ডসের হেগে এক বৈঠকে ট্রাম্প এই তুলনা টানেন।

১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের এটম বোমা হামলার পরই জাপান আত্মসমর্পণ করেছিল। এর মধ্য দিয়ে শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

সেই ঘটনার সঙ্গে গত ২২ জুনে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ শেষের তুলনা করেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। তবে দুই ক্ষেত্রেই মূলত একই ব্যাপার ঘটেছে। ওই হামলায় তখনকার যুদ্ধ বন্ধ হয়েছিল। আর এই (ইরান) হামলায় এখনকার যুদ্ধ বন্ধ হয়েছে।”

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি  “কয়েক দশক পিছিয়ে গেছে। ইরান এখন অনেক দিন আর বোমা বানানোর পথে পা বাড়াবে না।”

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফলভাবে আঘাত হানার ফলেই যুদ্ধ বন্ধ হয়েছে বলে দাবি ট্রাম্পের। “যদি এই হামলা না হতো, এখনও লড়াই চলত,” বলেন তিনি।

ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইহুদি রাষ্ট্র এবং খামেনির নেতৃত্বাধীন রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি খুব ভালভাবেই চলছে।

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং যুদ্ধ বন্ধ করা দুইয়েরই কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স/দ্য গার্ডিয়ান।