২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিখ্যাত ক্যাথেড্রালে আগুন

রুয়ঁ নগরীর এই ক্যাথেড্রালের চূড়ায় সংস্কার কাজ চলছিল। সেখানে আগুন কিভাবে লাগল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

ফ্রান্সের রুয়ঁ নগরীর বিখ্যাত গথিক ক্যাথেড্রালে আগুন লেগেছে। এ ঘটনায় দ্রুতই সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা

এক্সে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ১৫০ মিটার উঁচু ক্যাথেড্রালের চূড়ার দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিবিসি জানায়, ক্যাথেড্রালের চূড়ায় সংস্কার কাজ চলছিল। সেখানে আগুন কিভাবে লাগল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে প্রায় ৭০ জন দমকলকর্মী এবং ৪০ টি ফায়ার ইঞ্জিন।

বৃহস্পতিবার আগুন লাগার এই ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ক্যাথেড্রালের চূড়ায় যারা কাজ করছিলেন, তারাও নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভবনের চূড়ায় আগুন ধরেছে। যদিও চূড়াটি কাঠামো কাঠের নয় বরং ধাতব। নির্মাণ স্থলের প্লাস্টিকের অংশে আগুন লাগে। তবে আগুনে ধাতব চূড়ার কোনও ক্ষতি হয়নি বলেই ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের যেসব ছবি সামনে এসেছে তা ২০১৯ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে আরেকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দিয়েছে। 

ওই বছর এপ্রিলে বিশ্বখ্যাত এই নটরডেম ক্যাথেড্রালে আগুন লেগে এর সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছিল।