আমদানি শুল্ক একমাস পিছিয়ে দিচ্ছেন ট্রাম্প: মেক্সিকো
মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটি চুক্তি হওয়ার পর শুল্কারোপের সিদ্ধান্ত পেছানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক একমাস পিছিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।
ট্রাম্প বলেছিলেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে মঙ্গলবার থেকে। কানাডা এবং চীনের পণ্যেও একই সময় থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।
তবে এখন মেক্সিকোর প্রেসিডেন্ট ওই সময়সীমা পিছিয়ে যাওয়ার কথা জানালেন। ট্রাম্পের সঙ্গে বেশ ভাল একটি আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি।
শেইনবাউম জানান, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটি চুক্তি হওয়ার পর শুল্কারোপের সিদ্ধান্ত পেছানো হয়েছে।
চুক্তির আওতায় মেক্সিকো ১০ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে সে প্রতিশ্রুতিও রয়েছে। এই সেনা তাৎক্ষণিকভাবেই মোতায়েন হবে বলে জানিয়েছে বিবিসি।
এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। ফেন্টানিল পাচার নিয়ে ট্রাম্প বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছেন।
শেইনবাউম আরও জানান, যুক্তরাষ্ট্রও উচ্চ-ক্ষমতাসম্পন্ন অস্ত্র মেক্সিকোয় পাচার ঠেকাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
