Published : 25 Jun 2025, 11:38 AM
ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং গুপ্তহত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বুধবার এ দণ্ড কার্যকর হয়েছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচারবিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যে যন্ত্রপাতি ওই তিন ‘মোসাদ চর’ গোপনে ইরানে ঢুকিয়েছিল, তা অনামা এক ব্যক্তিকে হত্যায় ব্যবহৃত হয়েছে, বলেছে মিজান। এ সম্বন্ধে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।
তুরস্ক সীমান্তবর্তী ইরানের উত্তরপশ্চিমের শহর উরমিয়াতে ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রসুল আহমেদ রসুল নামে এ তিনজনের ফাঁসি কার্যকর হয়, ইরানি বিচারবিভাগের বরাত দিয়ে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।
এ নিয়ে গত ১০ দিনে ইরানে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর পাওয়া গেল।
কয়েক দশক ধরে ছায়াযুদ্ধ চালানো ইরান ও ইসরায়েলে এ মাসের মাঝামাঝি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল। মঙ্গলবার দুইপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
অবশ্য সাম্প্রতিক এ প্রকাশ্য সংঘাতের আগেই ইরান মোসাদের সঙ্গে যোগসাজশ ও ইসরায়েলি এ গুপ্তচর সংস্থার অভিযানে সহায়তার অভিযোগে অনেককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া দিয়েছে। মোসাদের এসব অভিযানের মধ্যে ছিল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে নানান ধরনের নাশকতা চালানো।
আরও পড়ুন: