১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান

ইসমাইল ফকরি নামে ওই ইরানির বিরুদ্ধে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, পরে সুপ্রিম কোর্টও তা বহাল রাখে।

মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স সোমবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া। 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফকরি।

এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল।

ইরানের বিচারবিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইন বলছে, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের দণ্ড বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক ‘ছদ্মবেশী এজেন্টের’ ফাঁসি কার্যকর করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসমাইল ফকরির সঙ্গে মোসাদের দুই কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ইরানের ‘শত্রুদের’ কাছে গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন বলে ভাষ্য তেহরানের। 

২০২৩ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ ফকরিকে গ্রেপ্তার করে ও তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ আনে। 

ইরানের বিচার বিভাগ তার ফাঁসিকে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘বড় ধরনের আঘাত’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে মিজান অনলাইন।