ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হলে কী হতে পারে? সম্ভাব্য ৭ চিত্রপট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরান সীমান্তের কাছে বিপুল সামরিক শক্তি মোতায়েন করে এখন হয়ত ভাববেন, কিছু একটা না করলে মুখরক্ষা হবে না। সেখান থেকেই শুরু হতে পারে এমন এক যুদ্ধ, যার শেষ কোথায় কেউ জানে না।
যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। কোথায় কোথায় এই হামলা হতে পারে তা অনেকটা আঁচ করা যায়। কিন্তু হামলার পরিণতি কি হবে তা অনুমান করা মুশকিল।
সুতরাং, ইরানের সঙ্গে শেষ মুহূর্তে কোনও সমঝোতা না হলে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি তার দেশের সামরিক বাহিনীকে সত্যিই হামলার নির্দেশ দিয়ে দেন, তাহলে কী হতে পারে?
এ সম্পর্কে বিবিসি এক বিশ্লেষণে সম্ভাব্য সাতটি চিত্রপট তুলে ধরেছে:
১. নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা, হতাহতের সংখ্যা কম, গণতন্ত্রে উত্তরণ:
যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে তাদের নৌ ও বিমানবাহিনী সীমিত পরিসরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সামরিক ঘাঁটি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট হামলা চালাতে পারে।
এতে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা কম হতে পারে। তবে আগে থেকেই দুর্বল হয়ে পড়া ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটতে পারে। শেষ পর্যন্ত ইরান হয়ত একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হতে পারে, যেখানে দেশটি আবার বিশ্বের বাকি অংশের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
তবে এটি খুবই আশাবাদী এক দৃশ্যপট। এর আগে ইরাক বা লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ নির্বিঘ্নে কোনও গণতান্ত্রিক উত্তরণ আনতে পারেনি।
যদিও সামরিক হস্তক্ষেপের কারণে উভয় ক্ষেত্রেই নিষ্ঠুর একনায়কতন্ত্রের অবসান ঘটেছিল, কিন্তু তা দেশগুলোকে বছরের পর বছর বিশৃঙ্খলা ও রক্তপাতের দিকে ঠেলে দিয়েছিল।
বিপরীতে সিরিয়া, যারা ২০২৪ সালে পশ্চিমা সামরিক সমর্থন ছাড়াই বাশার আল-আসাদকে হঠিয়ে নিজেদের বিপ্লব সম্পন্ন করেছে, তারা এখন পর্যন্ত তুলনামূলক ভাল অবস্থানে রয়েছে।
২. শাসন ব্যবস্থা টিকে থাকা, কিন্তু নীতিতে পরিবর্তন:
একে সম্ভবত ব্যাপক অর্থে ‘ভেনেজুয়েলা মডেল’ বলা যেতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের দ্রুত ও শক্তিশালী পদক্ষেপের পরও সরকার টিকে আছে, তবে তাদের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে।
ইরানের ক্ষেত্রে এর অর্থ হবে, ইসলামিক রিপাবলিক টিকে থাকবে, যা অনেক ইরানির জন্য সন্তোষজনক হবে না। কিন্তু দেশটি মধ্যপ্রাচ্য জুড়ে সহিংস মিলিশিয়াদের সমর্থন দেওয়া বন্ধ করা, দেশের ভেতরের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা এবং অভ্যন্তরীন বিক্ষোভ দমনে নমনীয় হতে বাধ্য হবে।
তবে এটিও বাস্তব হওয়ার সম্ভাবনা অনেক কম। ইরানের বর্তমান নেতৃত্ব গত ৪৭ বছর ধরে অত্যন্ত অনমনীয় এবং পরিবর্তনের বিরোধী। তারা এখন তাদের নীতি পরিবর্তন করবে, এমনটা ভাবা কঠিন।
৩. সরকার পতন ও সামরিক শাসন
অনেকেই মনে করেন এটিই হতে পারে সবচেয়ে সম্ভাব্য পরিণতি। বর্তমান শাসন ব্যবস্থা অনেকের কাছে স্পষ্টতই অপ্রিয় এবং বছরের পর বছর ধরে চলা একের পর এক বিক্ষোভ সরকারকে অনেকটাই দুর্বল করেছে।
তবুও ইরানে একটি শক্তিশালী ও ব্যাপক ‘নিরাপত্তা ডিপ-স্টেট’ বিদ্যমান, যাদের স্বার্থ বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গেই জড়িত।
এখন পর্যন্ত ইরানে কোনও বিক্ষোভ সফল না হওয়ার অন্যতম কারণ হল, ক্ষমতাসীনদের পক্ষ ত্যাগ করে কেউ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়নি এবং শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য সীমাহীন শক্তি প্রয়োগ ও নির্মম পদক্ষেপ নিতে পিছপা হয়নি।
যুক্তরাষ্ট্রের হামলা পরবর্তী বিশৃঙ্খলার মধ্যে এটি খুবই সম্ভব যে, ইরান শেষ পর্যন্ত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি শক্তিশালী সামরিক সরকারের শাসনাধীনে চলে যাবে।
৪. মার্কিন বাহিনী ও প্রতিবেশী দেশগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা:
ইরান আগেই ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পাল্টা জবাব দেবে। হুঁশিয়ারি দিয়ে দেশটি বলেছে, তাদের সেনাদের ‘আঙুল ট্রিগারে’ রয়েছে।
শক্তিতে মার্কিন নৌ ও বিমানবাহিনীর সমকক্ষ না হলেও ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আঘাত হানতে পারে। এর অনেকগুলোই ইরান গুহায়, ভূগর্ভস্থ স্থাপনায় এবং দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে।
পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোতে বিশেষ করে বাহরাইন ও কাতারে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। ইরান চাইলে এসব স্থানে হামলা চালাতে পারে।
এমনকি জর্ডানের মতো যেসব দেশ যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করছে বলে ইরান মনে করবে, সেসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোও তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
২০১৯ সালে সৌদি আরামকোর তেল ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করা হয়।
ওই হামলা সৌদি আরবকে বুঝিয়ে দিয়েছিল যে, তারা ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে কতটা অসহায়। এ কারণে উপসাগরীয় আরব দেশগুলো, যারা যুক্তরাষ্ট্রের মিত্র, তারা এখন চরম উদ্বিগ্ন।
এই দেশগুলো আশঙ্কা, যুক্তরাষ্ট্রের যে কোনও সামরিক ব্যবস্থার পরিণতি শেষ পর্যন্ত তাদেরকেই ভোগ করতে হতে পারে।
৫. পারস্য উপসাগরে মাইন পেতে প্রতিশোধ:
১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই এটি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য একটি বড় হুমকি। ওই সময় ইরান উপসাগরের নৌপথে মাইন পেতেছিল এবং ব্রিটিশ রয়্যাল নেভির মাইন অপসারণকারী জাহাজগুলোকে তখন সেগুলো অপসারণে সহায়তা করতে হয়েছিল।
ইরান ও ওমানের মধ্যবর্তী সরু হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের ২০ শতাংশ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ২০-২৫ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।
ইরান দ্রুত নৌ-মাইন মোতায়েনের মহড়া চালিয়েছে। ইরান যদি সেখানে মাইন বিছিয়ে দেয়, তবে বিশ্ব বাণিজ্যে ধস নামবে এবং তেলের দামে এর প্রভাব পড়বে।
৬. যুক্তরাষ্ট্রের রণতরী ডুবিয়ে দেওয়া:
পারস্য উপসাগরে মোতায়েন একজন মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন একবার বলেছিলেন যে, তিনি সবচেয়ে বেশি ভয় পান ইরানের ‘ঝাঁক হামলাকে’ (সোয়ার্ম অ্যাটাক)।
যেখানে ইরান ঝাঁকে ঝাঁকে বিস্ফোরকবাহী ড্রোন এবং দ্রুতগামী টর্পেডো নৌকা দিয়ে এক বা একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ ধরনের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রণতরীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও একসঙ্গে সব আক্রমণ ঠেকাতে ব্যর্থ হতে পারে।
পারস্য উপসাগরে ইরানের প্রচলিত নৌবাহিনীর জায়গা অনেক আগেই কার্যত নিয়ে নিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ বাহিনী। এর কমান্ডাররা ইরানের ক্ষমতাচ্যুত শাহের আমলে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথে প্রশিক্ষণ নিয়েছিলেন।
এই বাহিনী মূলত অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধকৌশলে দক্ষ, যার লক্ষ্য প্রযুক্তিগতভাবে শক্তিশালী শত্রুপক্ষকে পাশ কাটিয়ে আঘাত করা। একটি মার্কিন রণতরী ডুবে যাওয়া এবং এর ক্রুরা বন্দি হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম অবমাননাকর।
এমন কিছু হওয়ার সম্ভাবনা যদিও কম। তবে ২০০০ সালে ইয়েমেনের এডেন বন্দরে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার আত্মঘাতী হামলায় ইউএসএস কোল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ১৭ জন নাবিক নিহতও হন।
তাছাড়া, ১৯৮৭ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় ইউএসএস স্টার্ক রণতরীর ওপর একটি ইরাকি যুদ্ধবিমান ভুলবশত দুটি এক্সোসেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ৩৭ জন নাবিক নিহত হন।Logout
৭. সরকার পতন ও দেশজুড়ে বিশৃঙ্খলা:
এটি খুবই বাস্তব ও ভয়াবহ একটি আশঙ্কা, বিশেষ করে কাতার ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য। সিরিয়া, ইয়েমেন বা লিবিয়ার মতো ইরানেও গৃহযুদ্ধ শুরু হতে পারে।
কেন্দ্রীয় শাসনব্যবস্থা ভেঙে পড়লে ক্ষমতায় শূন্যতার সুযোগে কুর্দি ও বালুচিসহ অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকিও আছে।
মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পতন দেখতে চাইবে, বিশেষ করে ইসরায়েল, যারা ইতোমধ্যেই ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর ওপর বড় আঘাত হেনেছে এবং দেশটির সন্দেহজনক পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে।
তবে কেউই চায় না যে- মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল, প্রায় ৯ কোটি ৩০ লাখ মানুষের দেশ ইরান বিশৃঙ্খলায় নিমজ্জিত হোক। কারণ, বিশৃঙ্খলা তৈরি হওয়া মানেই এক ভয়াবহ মানবিক ও শরণার্থী সংকট তৈরি হওয়া।
এখন সবচেয়ে বড় বিপদ হল, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সীমান্তের কাছে যে শক্তিশালী বাহিনী মোতায়েন করেছেন, তিনি হয়ত ভাববেন, তাকে একটা কিছু করতেই হবে, নাহলে মুখরক্ষা হবে না।
আর সেখান থেকেই শুরু হতে পারে এমন এক যুদ্ধ যার শেষ কোথায়- তা কেউ জানেনা, আর এই যুদ্ধের পরিণাম হতে পারে ক্ষতিকর ও অনিশ্চিত।
