একটি নয়, ইরান যুদ্ধের আগে ইরাকে ‘দুটি সামরিক ঘাঁটি বানিয়েছিল’ ইসরায়েল
ওই অস্থায়ী স্থাপনাগুলোর মধ্যে একটি ২০২৪ সালের শেষ দিক থেকেই ইসরায়েলি সেনারা বানানো শুরু করেছিল বলে দাবি করেছেন এক আঞ্চলিক কর্মকর্তা।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দেওয়ার আগে তেল আবিব ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দুটি গোপন সামরিক ফাঁড়ি বানিয়েছিল বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
রোববার এক ইরাকি কর্মকর্তা ও এক আইনপ্রণেতার বরাত দিয়ে তারা বলেছে, ইরাকি কর্মকর্তারা তাদের পশ্চিম মরুভূমিতে ইসরায়েল পরিচালিত ওই দুটি গোপন ঘাঁটি শনাক্ত করতে পেরেছিলেন।
ওই অস্থায়ী স্থাপনাগুলোর মধ্যে একটি ২০২৪ সালের শেষ দিক থেকেই ইসরায়েলি সেনারা বানানো শুরু করেছিল, বলেছেন এক আঞ্চলিক কর্মকর্তা।
কয়েকদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইরান যুদ্ধ শুরুর আগে আগে ইসরায়েল ইরাকে একটি ঘাঁটি বানিয়েছিল বলে খবর আসে। ওই ঘাঁটিটির বিষয়ে যুক্তরাষ্ট্রও অবগত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
আকাশ অভিযানের জন্য লজিস্টিকাল হাব হিসেবে বানানো ওই ঘাঁটিতে ভূপাতিত কোনো বিমানের পাইলটের খোঁজে পারদর্শী উদ্ধারকারীসহ বিশেষ বাহিনীর সদস্যদের রাখা হয়েছিল।
মার্চের শুরুতে ঘাঁটিটির অস্তিত্ব যখন প্রায় ধরা পড়ে যাচ্ছিল সেসময় ঘাঁটির কাছে যাওয়া ইরাকি সেনাদের ওপর ইসরায়েলি বাহিনী হামলাও চালিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়।
ওই ঘাঁটিটি সৌদি আরবের সঙ্গে ইরাকের সীমান্তের কাছে বানানো হয়েছিল বলে উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে ধারণা করেছিলেন অনেক বিশ্লেষক।
ইরাকে ইসরায়েলি বাহিনী মাসের পর মাস ধরে নানান কর্মকাণ্ড চালাচ্ছে বলে যে জল্পনা ছিল—ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন তা নতুন করে উসকে দিল।
বৃহস্পতিবার ইরাকের জয়েন্ট অপারেশনসের ডেপুটি কমান্ডার লেফটেনেন্ট-জেনারেল কায়েস আল-মুহাম্মাদাউয়ির বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত ইরাকি বার্তা সংস্থা জানায়, কর্তৃপক্ষ বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কারবালার কাছে নাজাফ মরুভূমিতে ‘সন্দেহজনক উপস্থিতি ও কার্যকলাপের’ খবর পেয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্চে ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল টমের বারের এক উদ্ধৃতিও ছাপানো হয়েছিল। বার সেসময় বলেছিলেন, ইরান যুদ্ধে ইসরায়েলি বিশেষ বাহিনী ‘অনন্য’ অভিযান চালিয়েছে, যদিও সেই অভিযান কোথায় হয়েছে তা খোলাসা করেননি তিনি।
ইরাকি কর্মকর্তারা বলছেন, তাদের মরুভূমিতে বিদেশি সামরিক বাহিনীর সদস্য রাখার অনুমতি কাউকেই দেওয়া হয়নি।
“ওই স্থানে কোনো বাহিনীকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া বা চুক্তি হয়নি,” দিনকয়েক আগে এমনটাই বলেছিলেন আল-মুহাম্মাদাউয়ি।
মার্চের শেষে বাগদাদ সন্দেহজনক গোপন সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত পর্যায়ে ওয়াশিংটনের কাছে প্রতিবাদ জানিয়েছিল এবং একে ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়েছিল বলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে রোববারও ইরাকের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর কাছে ইরাকি মরুভূমিতে ইসরায়েলের ঘাঁটি স্থাপনের খবর উড়িয়ে দিয়েছেন।
এর আগে মঙ্গলবার ইরাকের কারবালা অপারেশনসের কমান্ডার আল জাজিরাকে বলেছিলেন, মার্চে নাজাফ মরুভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি দলের উপস্থিতি শনাক্ত হয়েছিল, তবে ওই দলটি সেখানে ৪৮ ঘণ্টাও ছিল না।
এমন এক সময়ে এসব প্রতিবেদন আসছে যখন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরাকের মাটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোর কমিয়ে আনতে বাগদাদকে চাপ দিয়ে যাচ্ছে।
ইরান যুদ্ধের সময় তেহরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্স বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছিল, এর পাল্টায় মার্চে মার্কিন বাহিনীও ওই সশস্ত্র গোষ্ঠীর ওপর বিমান হামলায় নামে।
ইরাকে ইসরায়েলি বাহিনীর তৎপরতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, তাদের এ উদ্বেগের বিষয়টি তারা ইরাকি কর্তৃপক্ষের কাছেও তুলে ধরবেন।
ইসরায়েল পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করছে বলেও এদিন বাঘেয়ি অভিযোগ করেছেন।
“এই অঞ্চলে ইসরায়েলের আচরণ প্রমাণ করে যে তারা কোনো সীমারেখা বা লাল দাগ মানে না,” বলেছেন তিনি।
