২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে গুলির আগে কেনেডি হত্যার খুঁটিনাটি তথ্য খুঁজেছিলেন বন্দুকধারী

১৯৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে হত্যাকারী অসওয়াল্ড কতটা দূরে ছিলেন? অনলাইনে তা সার্চ করেছিলেন ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো বন্দুকধারী- বলছে এফবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 10:21 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

যুক্তরাষ্ট্রে পেনসিলভেইনিয়া রাজ্যের নির্বাচনি প্রচার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো বন্দুকধারী এই ঘটনা ঘটানোর আগে সেই ১৯৬৩ সালের মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার খুঁটিনাটি তথ্য অনলাইনে খুঁজেছিলেন।

ট্রাম্পকে হত্যাচেষ্টার এক সপ্তাহ আগে এই তথ্য খোঁজেন বন্দুকধারী। বুধবার আইনপ্রণেতাদেরকে এমন কথাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে। 

তিনি বলেন, ১৯৬৩ সালে জন এফ কেনেডিকে হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ড তার (কেনেডি) থেকে কতটা দূরে ছিলেন, অনলাইনে সেটিই সার্চ করেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা বন্দুকধারী।

গত ১৩ জুলাই সন্ধ্যায় পেনসিলভেইনিয়ায় বাটলারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি। 

এফবিআই এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করে। ট্রাম্পের ওপর হামলাকারী যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস বলে জানায় তারা। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ক্রুকসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছিল। তবে ক্রুকসের এই হামলার উদ্দেশ্য জানতে কাজ করে যাচ্ছে এফবিআই।

বুধবার এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটিতে ১৩ জুলাইয়ের গুলির ঘটনা নিয়ে সাক্ষ্য দিয়েছেন। সেখানেই তিনি ট্রাম্পের ওপর হামলার আগে ক্রুকসের প্রস্তুতি নিয়ে নতুন ওই তথ্য দেন। 

তিনি জানান, কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ক্রুকস তথ্য সার্চ করেছিলেন ৬ জুলাইয়ে। এ থেকে বোঝা যায়, ট্রাম্পের ওপর হামলার এক সপ্তাহ আগে থেকে বিষয়টি নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেছিলেন বন্দুকধারী।

ক্রিস্টোফার রে বলেন, গোয়েন্দারা ক্রুকসের সেলফোন সহ কিছু বৈদ্যুতিক ডিভাইস হাতে পেয়েছে। তবে সেগুলো্ খতিয়ে দেখে ট্রাম্পের ওপর তার হামলার উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে কোনও ক্লু এখনও পাওয়া যায়নি। 

ক্রুকস অন্যান্য পাবলিক ফিগারদের সম্পর্কিত নানা খবর অনলাইনে সার্চ করেছিলেন বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। রে জানান, ট্রাম্পের সমাবেশে ক্রুকস ৮ টি গুলি করেছিলেন। ক্রুকস যে ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছিলেন সেখান থেকে ৮ টি কার্তুজ পেয়েছেন কর্মকর্তারা।