২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোঁয়াশার রাজ্যে দিল্লির জনজীবন

কয়েক মিনিটের বেশি সময় কেউ বাইরে থাকলে সে ছাইয়ের স্বাদ নিতে পারবে। এমনকি যদি কেউ ধোঁয়াশার ভেতরে দ্রুত গতিতে দৌড়াতে বা এমনকি হাঁটার চেষ্টা করে তবে কয়েক মিনিটের মধ্যে শ্বাসকষ্ট অনুভব করবে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 05:42 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ভারতের রাজধানী  দিল্লিতে শীত এসে গেছে আর তার সঙ্গে শহরের চেনা সেই বিষণ্ণতা। আকাশ ধূসর এবং ধোঁয়াশার ঘন চাদরে মোড়া। যদি কয়েক মিনিটেরও বেশি সময় কেউ বাইরে থাকে তবে সে ছাইয়ের স্বাদ নিতে পারবে।

এমনকি যদি কেউ ধোঁয়াশার ভেতরে দ্রুত গতিতে দৌড়াতে বা এমনকি হাঁটার চেষ্টা করে তবে কয়েক মিনিটের মধ্যে শ্বাসকষ্ট অনুভব করবে। শীতের সঙ্গে ফিরে এসেছে সংবাদপত্রের পরিচিত সেই শব্দগুলো। বিষাক্ত, মারাত্মক এবং বিষাক্ত…।

বেশিরভাগ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং লোকজনকে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু যারা দিনমজুর। বাইরে না গেলে পেট চলবে না। তাদের ঠিকই বের হতে হচ্ছে।

বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার দিল্লির বাতাসের দূষণের পরিমাণ ছিল ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে। অথচ গ্রহণযোগ্য সীমা ১০০ এর কম।

দিল্লিতে ক্ষতিকর পিএম ২.৫ মাত্রা খুবই বেশি। এই সূক্ষ ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসে ছেদ করে ফেলতে পারে।

বায়ু দূষণের মাত্রা বুঝতে পিএম ২.৫, পিএম ১০ ছাড়াও সালফার ডাই অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও গ্রাউন্ড লেভেল ওজোনে সৃষ্ট বায়ুদূষণ বিবেচনা করে তৈরি করা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের হতাশা প্রকাশ পাচ্ছে। সেই সঙ্গে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। প্রতি বছরই তাদের এমন একটা ঘরবন্দি সময় পার করতে হয়। তবে এবার যেন বেশ দীর্ঘ সময়।

হতাশার পাশাপাশি, গত ১৫ বছর ধরে এমন ঘটনার সাক্ষী প্রতিবছরই দিল্লিবাসী হচ্ছে। বিবিসি-র এক প্রতিবেদক লিখেছেন, “আমি ২০১৭ সালে অফিসে বসে বাইরের একটি ভিডিও ধারণ করি। তখন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা ২ মিটারের মত কমিয়ে গিয়েছিল।”

গত মঙ্গলবার, তিনি আবার অফিসে যেতে যেতে একটি ভিডিও ধারণ করেন। তার কাছে মনে হয়েছে দৃশ্যমানতা একদমই নেই।

তিনি বলেন, “আমরা গত দুই দশকে এই গল্পের প্রতিটি মোড় এবং বাঁক বিশ্লেষণ করেছি। আমরা রিপোর্ট করেছি কিভাবে দূষণ মানুষকে অসুস্থ করে তুলছে এবং তাদের আয়ু কমিয়ে দিচ্ছে। এমনকি এটা কিভাবে শিশুদের প্রভাবিত করছে।”

বিবিসি-র  প্রতিবেদক  বলেন, “এই সঙ্কট দরিদ্রদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। তবে তাদের বেশিরভাগেরই বাইরে গিয়ে ধোঁয়াশার মধ্যে কাজ করা ছাড়া কোনও বিকল্প নেই। যেমনটা সাংবাদিক হিসেবে আমাদেরও বাইরে যাওয়া ছাড়া উপায় নেই। সংবাদ সংগ্রহের কাজে আমাদের বাইরে যেতেই হবে।”

“তবে প্রতি বছরই দূষণের কারণে, রাজনীতিবিদরা একে অপরকে দোষারোপ করেন। আমরা সমস্যার মূল কারণ এবং সমাধানগুলো নিয়ে আলোচনা করেছি।”

“দূষণের এই প্রতিবেদনটি করার সময় মনে হয়, প্রতি বছর একই ডিস্টোপিয়ান ফিল্ম দেখছি। একই চরিত্র, একই প্লট এবং একই স্ক্রিপ্ট। এমনকি ফলাফলও সবসময় একই - কোনো পরিবর্তন নেই। পার্কগুলো জনমানবহীন।”

শুধু দিনমজুর, রিকশাচালক, ডেলিভারি রাইডার পেটের তাগিদে বাইরে বের হচ্ছেন। হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে।

“এই সবকিছুর মধ্যে, আমরা আবার একই প্রশ্নে ফিরে এসেছি - কেন কিছুর পরিবর্তন হয় না?” এর উত্তর সহজ। দিল্লির এই দূষণ সমস্যা সমাধানের জন্য ব্যাপক প্রচেষ্টা ও সমন্বয় প্রয়োজন।

সমস্যার উৎস অনেক।

এর মধ্যে একটি হ'ল কৃষকদের পরবর্তী ফলনের জন্য বীজ বপনের জন্য তাদের ক্ষেত দ্রুত পরিষ্কার করার জন্য ফসল পোড়ানোর নীতি। প্রতিবেশী রাজ্য পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে এই ঘটনা বেশি ঘটে।

ক্ষেতের আগুনের ধোঁয়া প্রতি শীতে দিল্লিকে গ্রাস করে। তবে এর জন্য কৃষকদের পুরোপুরি দোষ দেওয়া যায় না, কারণ এটি ক্ষেত পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায়।

বিভিন্ন সরকার ফসল পোড়ানো বন্ধ করার জন্য মেশিন এবং আর্থিক প্রণোদনা দেওয়ার কথা বলেছে, কিন্তু মাঠপর্যায়ে এর ফলাফল শূন্য।  যানবাহন, নির্মাণ ও কলকারখানা থেকে নির্গত দূষণের একটি বড় অংশ দিল্লি নিজেই উৎপন্ন করে।

প্রতি বছর, শীতের মাসগুলিতে, জনগণ ক্ষোভ ঝাড়ে। সাংবাদিকরা পাতা কে পাতা লেখেন এবং প্রতিবেদন তৈরি করেন। রাজনীতিবিদরা একে অপরকে দোষারোপ করেন। আর আদলত আইন করার ফাঁকা কলসি বাজায়।

পরের বছর আসতে আসতে আবার এইগুলো বৃত্তাকার ঘটনার মত ঘটতে শুরু করে।

এ ধরনের জনস্বাস্থ্য জরুরি অবস্থা থেকেই বেশিরভাগ গণতন্ত্রে গণবিক্ষোভের জন্ম দেয়। তবে দিল্লির ক্ষোভ মূলত সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। অ্যাক্টিভিস্টরা বলছেন, এর কারণ হ'ল দূষণ থেকে মানুষের শারীরিক সমস্যা ঠিক তাৎক্ষণিকভাবে শুরু হয়না।

পিএম ২.৫ এর উচ্চ মাত্রা গ্রহণের ফলে ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি ঘটে। ল্যানসেটের একটি সমীক্ষায় দেখা গেছে, দূষণের ফলে ২০১৯ সালে ভারতে ২.৩ মিলিয়নেরও বেশি অকাল মৃত্যু হয়েছে।

দূষণ থেকে নিজেকে রক্ষা করতেও রয়েছে শ্রেণি বিভাজন। যাদের সাময়িকভাবে শহর ছেড়ে যাওয়ার সামর্থ্য আছে তারা সেটা করে। যারা এয়ার পিউরিফায়ার কিনতে পারে তারা সেটা করে। আর যারা সোশ্যাল মিডিয়ায় ভেন্টেড করতে পারে তারা সেটা করে।

বাকিরা, যাদের কাছে কোনও বিকল্প পথই নেই, তারা কেবল জীবনের তাগিদে জীবন চালিয়ে যান।

জনগণের ক্ষোভ এখনও পর্যন্ত ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করতে পারেনি। সুপ্রিম কোর্ট একবার পর্যবেক্ষণ করেছিল। আর রাজনীতিবিদরা কেবল মৌসুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে এবং বিভিন্ন রাজ্যের সরকারকে তাদের দলীয় রাজনীতিকে পিছনে ফেলে এই সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে হবে। সমস্যা সমাধেন দীর্ঘমেয়াদি সমাধানের দিকে নজর দিতে হবে।

নাগরিকদের কাছে অবশ্যই রাজনীতিবিদদের জবাবদিহি করতে হবে। দূষণের সময় শুরু হওয়ার আগেই আদালতকে দূষণ রোধে শক্ত পদক্ষেপ গ্রহণ করে সেই সিদ্ধান্তমূলক আদেশ পাস করতে হবে।

এই বছর, সাময়িক নির্মাণ কাজ নিষিদ্ধ করার মতো অস্থায়ী ব্যবস্থা ঘোষণা করেছে আদালত। তবে এই সিদ্ধান্ত কি দিল্লির অধরা নীল আকাশকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট? গত কয়েক বছরের পরিস্থিতি বিবেচনা করলে আর কোনও আশার আলো খুঁজে পাওয়া যায় না।