২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে মার্কিন অধিকারকর্মী গুলিতে নিহত

নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই আমেরিকান অধিকারকর্মী।

পশ্চিম তীরে মার্কিন অধিকারকর্মী গুলিতে নিহত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 08:27 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ২৬ বছর বয়সী মার্কিন এক নারী অধিকারকর্মী গুলিতে নিহত হয়েছেন।

তুরস্ক বংশোদ্ভুত এই নারীর নাম আয়সেনুর ইজগি ইগি। নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে তিনি অংশ নিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইজগি ইগিকে ইসরায়েলি সেনারা গুলি করেছে বলে অভিযোগ আছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল এবং বিষয়টি খতিয়ে দেখছে।

মাথায় জখম হওয়া আমেরিকান এই অধিকারকর্মীকে সঙ্গে সঙ্গে নাবলুসের হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী এই নারী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা থেকে কৃষকদেরকে রক্ষা করার প্রচারাভিযানে জড়িত ছিলেন।

পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ৯ দিনের বড় ধরনের অভিযান শেষে ইসরায়েলি বাহিনী শুক্রবার সেখান থেকে সরে যাওয়ার পরই এ ঘটনা ঘটল।

পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ। অন্যান্যদের মধ্যে যুক্তরাজ্য সরকার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই আইনের পক্ষে রয়েছে। তবে ইসরায়েল এই আইন প্রত্যাখ্যান করেছে।