২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে মাওরিদের নতুন রানি হলেন প্রয়াত রাজার মেয়ে

নিউ জিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রাজা তুহেইশিয়ার মৃত্যুতে তার ছোট মেয়ে এনগা ওয়াই হোনো ই তে পো কে রানি হিসাবে বেছে নিয়েছে মাওরি প্রধানদের কাউন্সিল।

নিউ জিল্যান্ডে মাওরিদের নতুন রানি হলেন প্রয়াত রাজার মেয়ে
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 06:35 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রাজা তুহেইশিয়ার মৃত্যুর পর তার ২৭ বছর বয়সী মেয়ে এনগা ওয়াই হোনো ই তে পো নতুন রানি হয়েছেন। 

বৃহস্পতিবার অষ্টম মাওরি শাসক হিসাবে নতুন রানিকে মুকুট পরিয়ে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেছে আদিবাসী মাওরি প্রধানদের কাউন্সিল।

মাওরি রাজা তুহেইশিয়া গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল। রাজার মৃত্যুতে খালি পড়ে ছিল সিংহাসন। কে তাতে আসীন হবে তা নিয়ে জল্পনা চলছিল। 

ঐতিহ্য অনুযায়ী রাজার ছেলেই সাধারণত সিংহাসনে আসীন হয়ে থাকে। রাজার দুই ছেলেসন্তান আছে। ধারণা করা হচ্ছিল, তাদেরই কেউ একজন রাজার উত্তরসূরি হবেন। 

কিন্তু শেষ পর্যন্ত প্রথা ভেঙে অপ্রত্যাশিতভাবে সিংহাসনের জন্য বেছে নেওয়া হয় প্রয়াত রাজার ছোট সন্তান এবং একমাত্র মেয়ে এনগাকে। মাওরি সম্প্রদায়ের অনেকেই এ সিদ্ধান্তকে এক নব সূচনা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন।

বিবিসি জানায়, এনগা মাওরি জনগোষ্ঠীর দ্বিতীয় রানি। প্রথম রানি ছিলেন তা দাদী তে আরিকিনুই দামে তে আতাইরাঙিকাহু। 

নতুন রানি এনগা মাওরি সংস্কৃতি স্টাডিজে মাস্টার্স করেছেন এবং তিনি ঐতিহ্যবাহী কাপা হাকা মাওরি নৃত্যকলায় শিক্ষকতা করেন।

মাওরি রাজতন্ত্র চলে আসছে সেই ১৯ শতক থেকে। সে সময় ব্রিটিশ ঔপনিবেশিক প্রভুদের কাছে নিউ জিল্যাণ্ডের ভূমির ব্যাপকভাবে খোয়া যাওয়া বন্ধের চেষ্টায় এবং মাওরি সংস্কৃতিকে রক্ষায় বিভিন্ন মাওরি আদিবাসী গোষ্ঠী একযোগে ইউরোপীয় শাসকের মতো একজন ব্যক্তিত্ব নির্বাচন করে তার ওপর দায়িত্ব অর্পনের সিদ্ধান্ত নিয়েছিল।

তবে মাওরি রাজা বা রানির পদটি মূলত অলংকারিক। তারপরও মাওরিদের মধ্যে রাজা বা রানির একটি প্রভাব রয়েছে। তারা এই জনগোষ্ঠীর মধ্যে সম্মানীয় ব্যক্তিত্ব।