২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে ভুল দিক দিয়ে আসা গাড়ির ধাক্কা, নিহত ৭

মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাঙ্ক এলাকার কাছে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুই গাড়ির সব আরোহীর মৃত্যু হয়।

যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে ভুল দিক দিয়ে আসা গাড়ির ধাক্কা, নিহত ৭
পুলিশ দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখছে। ছবি: স্কাই নিউ নিউজ/ ইয়্যাপঅ্যাপ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 10:01 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে ভুল দিক থেকে আসা এক গাড়ি পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিলে সংঘর্ষে দুই পুলিশসহ সাতজন নিহত হয়। 

শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাঙ্ক এলাকার কাছে ঘটনাটি ঘটে, জানিয়েছে ক্লিভল্যান্ড পুলিশ। ঘটনাস্থলেই দুই গাড়ির সব আরোহীর মৃত্যু হয়। 

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, “এই মর্মান্তিক ঘটনার রেশ পুরো ক্লিভল্যান্ড, আমাদের কমিউনিটি এবং সমস্ত পুলিশ পরিবারের ওপর পড়বে।”   

রয়টার্স জানিয়েছে, পুলিশ তখনও দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখছিল এবং নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার জন্য কাজ করছিল।  

প্রচলিত রীতি অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ ঘটনাটি পর্যালোচনা করবে।  

সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের দুটি ঘটনা ঘটেছে। এর একটিতে পাঁচজন নিহত হয়। 

এরপর চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেন, ‘সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার জন্য’ কিছু তরুণ গাড়ি চলাচলের পথে উল্টো পথে ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছে। 

আইরিশ পার্লামেন্টের একটি কমিটি ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে ‘রাস্তায় বিপজ্জনক ও বেআইনি আচরণকে মহিমান্বিত করে বলে মনে হয়’, এমন সব কন্টেন্ট অপসারণ করার অনুরোধ করেছে। মঙ্গলবার আয়ারল্যান্ডের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও একই অনুরোধ জানিয়েছে।