২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার হামলা নিয়ে ট্রাম্পের কৌতুক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে ১৯৪১ সালে পার্ল হারবারে জাপানের সেই আক্রমণের তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার হামলা নিয়ে ট্রাম্পের কৌতুক
সানায়ে তাকাইচি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ইরানে হামলা নিয়ে কথা বলতে গিয়ে ১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে জাপানের হামলার প্রসঙ্গ টেনে এনেছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে পার্ল হারবারের সেই আক্রমণের তুলনা করেছেন তিনি। ইরানে শুরু করা যুদ্ধের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প রসিকতার ছলে এই তুলনা টানেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্পকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি ইরানে যুদ্ধের পরিকল্পনার বিষয়ে মিত্রদের আগে থেকে জানাননি? 

ট্রাম্প উত্তরে বলেন, “আমরা চেয়েছিলাম চমক (সারপ্রাইজ) দিতে। এ সম্পর্কে জাপানের চেয়ে ভাল আর কে জানে? আপনারা (জাপান) আমাকে পার্ল হারবারে হামলা চালানোর আগে কেন বলেননি?”

তিনি আরও বলেন, “আপনারা আকস্মিকতায় বিশ্বাস করেন, আমার মনে হয় সেটি আমাদের চেয়েও বেশি।”

এ সময় হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের পাশেই বসে থাকা তাকাইচির চোখ বিস্ময়ে বড় হয়ে যায় এবং তিনি চেয়ারে নড়েচড়ে বসেন। মুর্হর্তেই উদ্রেক হয় সেই স্মৃতির, যা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে এনেছিল।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াইয়ে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবারে জাপানের হামলায় ২,৩৯০ জন আমেরিকান নিহত হয়েছিল।  পরদিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ওই দিনটিকে আখ্যা দেন এমন ‘এক তারিখ হিসেবে, যা চিরকাল কলঙ্ক হয়ে থাকবে’।

১৯৪৫ সালের অগাস্টে যুক্তরাষ্ট্র জাপানকে পরাজিত করে। এর কয়েক দিন আগে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় শত-সহস্র মানুষ। 

ট্রাম্প ইরানের হামলার সঙ্গে পার্ল হারবারে হামলার যে তুলনা টেনেছেন তা শুক্রবার জাপানের রাজধানী টোকিওর রাস্তায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

পেট্রোকেমিক্যাল কোম্পানিতে কাজ করা ৩৩ বছর বয়সী প্রকৌশলী নাকামুরা রয়টার্সকে বলেন, তাকাইচি ‘খুব কঠিন পরিস্থিতিতে’ পড়েছিলেন। ট্রাম্পকে অসন্তুষ্ট না করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকাইচির প্রশংসা করেন তিনি।

নাকামুরা বলেন, “ব্যক্তিগতভাবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে নিছক রসিকতা হিসেবেই নিয়েছি। কিন্তু তাকাইচি তার পদমর্যাদার কারণে যদি বেশি হাসতেন, তাহলে সমালোচনার মুখে পড়তেন। ফলে তার জন্য প্রতিক্রিয়া দেখানোটা খুব কঠিন ছিল বলেই মনে করি।”

অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী টোকিও ওয়াশিনো বলেন, “জাপান ইতিহাসে এমন কাজ করেছে, সেই প্রেক্ষাপটে ডনাল্ড ট্রাম্প যখন একে উদাহরণ হিসেবে টেনে এনেছেন, তখন একজন জাপানি নাগরিক হিসেবে আমি কিছুটা অস্বস্তি বোধ করছি।”