রুশ ‘গুপ্তচর তিমি’কে গুলি করে মারা হয়েছে, অভিযোগ প্রাণী অধিকার গোষ্ঠীর
নরওয়ের দুটি প্রাণী অধিকার গোষ্ঠীর অভিযোগ, ভালদিমিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা তিমিটির মৃত্যুর ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছে।
নরওয়ে উপকূলে রুশ ‘গুপ্তচর তিমি’ হিসাবে পরিচিত ভালদিমিরের মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। তিমিটিকে গুলি করে হত্যা করা হয়েছে বলেই ধারণা প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর।
নরওয়ের দক্ষিণাঞ্চলীয় রিসাভিকা বে তে সাদা বেলুগা প্রজাতির এই তিমিকে গতমাসের শেষদিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিমিটি রাশিয়ার প্রশিক্ষিত গুপ্তচর ছিল বলে ধারণা করা হয়।
বুধবার নরওয়ের দুটি প্রাণী অধিকার গোষ্ঠী ওয়ানহোয়েল ও নোহ অভিযোগ করে বলেছে, ভালদিমিরকে ‘গুলি করে হত্যা করা হয়েছে’। তারা তিমিটির মৃত্যুর ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছে।
ওয়ানহোয়েল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, ভালদিমিরকে গুলি করে হত্যা করা হয়েছে- এই অকপট প্রমাণের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানাচ্ছে তারা।
পোস্টে ওয়ানহোয়েল আরও লিখেছে- একাধিক পশুচিকিৎসক, জীববিজ্ঞানী এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞ ভালদিমিরের আঘাতের আলামত খতিয়ে দেখেছেন এবং ঘটনাটিকে অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করেছেন।
পোস্টটিতে তিমিটির ছবি দেওয়া হয়। তাতে প্রাণীটির দেহে রক্তের দাগ ও ফুটো দেখা গেছে। তবে সিএনএন নিরপেক্ষভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
প্রাণী অধিকার গোষ্ঠীগুলো সান্ডনেস জেলা পুলিশসহ নরওয়ের অর্থনৈতিক এবং পরিবেশগত অপরাধ তদন্ত ও বিচার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের কাছে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে।
সাউথওয়েস্টার্ন পুলিশ জেলা সিএনএন-কে জানিয়েছে, তারা ভালদিমিরের মৃত্যুর ঘটনা তদন্তের অনুরোধ পেয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
পুলিশ সুপার ভিক্টর ফেন-জেনসেন জানান, তাদের কাছে এরকম মামলা আগে কখনও এসেছে বলে তিনি মনে করেন না।
তিমিটির রাশিয়ার গুপ্তচর হওয়ার গুজব তদন্ত করা হয়েছে কিনা সে বিষয়ে ভিক্টর কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, “ভালদিমির অনেকটা তারকার মতোই ছিল।”
পাঁচ বছর আগে ২০১৯ সালে রাশিয়ার সমুদ্রসীমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে ভালদিমিরকে প্রথম দেখা গিয়েছিল।
এর গায়ে ইংরেজিতে লেখা ছিল ‘সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’ এবং একটি অ্যাকশন ক্যামেরাও লাগানো ছিল। নরওয়ের ভাষায় তিমিকে যে নামে ডাকা হয়, সেই শব্দ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের আদ্যক্ষরের সমন্বয়ে তিমিটিকে ভালদিমির নামে ডাকা হত।
এই তিমি মানুষের সংকেতে সাড়া দিত, এবং মানুষের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। তাই তিমিটি গুপ্তচর বলে সন্দেহ সৃষ্টি হয়।
নরওয়ের গোয়েন্দাদের ধারণা ছিল, নরওয়েজিয়ান জলসীমায় পৌঁছানোর আগে একটি গবেষণা কর্মসূচির অংশ হিসাবে তিমিটিকে রাশিয়ায় আটকে রেখে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
তবে ভালদিমিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মস্কো কখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
