১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেইনে সহায়তা কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

নতুন শান্তি চুক্তির রূপরেখা মেনে নিতে ইউক্রেইন রাজি না হলে দেশটিতে গোয়েন্দা তথ্য দেওয়া এবং অস্ত্র সরবরাহ কমাবে যুক্তরাষ্ট্র।

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেইনে সহায়তা কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ওয়াশিংটন-প্রস্তাবিত শান্তি চুক্তির রূপরেখা মেনে নিতে রাজি না হলে ইউক্রেইনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং অস্ত্র সরবরাহ কমানো হতে পারে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা বলেন, আগের যে কোনও শান্তি আলোচনার তুলনায় ইউক্রেইন এখন প্রস্তাব মেনে নিতে অনেক বেশি চাপের মুখে রয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই চুক্তির রূপরেখায় ইউক্রেইনের সই চাইছে যুক্তরাষ্ট্র।

“তারা (যুক্তরাষ্ট্র) রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে চায় এবং চায় ইউক্রেইনই মূল্য দিক”, বলেন এক কর্মকর্তা।

ইউক্রেইনকে ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রাশিয়ার প্রধান দাবিগুলোর মধ্যে- ইউক্রেইনের অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়া, তাদের সেনাবাহিনীর আকার কমানো এবং নেটোতে ইউক্রেইনের যোগ না দেওয়ার শর্ত রয়েছে। 

ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শান্তির পথ খুঁজতে বৃহস্পতিবার ইউক্রেইনের রাজধানী কিইভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে।

ইউক্রেইনে মার্কিন রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর জনসংযোগ প্রধান এই বৈঠককে সফল হিসেবে বর্ণনা করে বলেন, ওয়াশিংটন চায় খুব দ্রুতই যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের মধ্যে এক নথি সই হোক।