বিপদ থেকে রেহাই নেই, নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া ফিলিস্তিনিরা
ইসরায়েল বেসামরিক লোকজন তাদের হামলার লক্ষ্য নয় বলে আসলেও ভিডিওতে উত্তর গাজা থেকে পালানোর সময় মানুষজনের ওপর বিমান হামলা চলতে দেখা গেছে।
ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগে পূর্বসতর্কতা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে বেসামরিক ফিলিস্তিনিরা দক্ষিণে সরে গিয়েও বিপদ থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের শিকার হচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটা এই মানুষেরাও।
শনিবার গাজার দক্ষিণাঞ্চলের একটি ভবনে বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছে। ইসরায়েল বেসামরিক লোকজন তাদের হামলার লক্ষ্য নয় বলে আসলেও ভিডিওতে উত্তর গাজা থেকে পালানোর সময় মানুষজনের ওপর বিমান হামলা চলতে দেখা গেছে।
ফলে নিরাপদ জায়গার সন্ধানে দক্ষিণ যাওয়াটাও ঝুঁকিতে ভরা। গাজায় বিমান হামলা চলার মধ্যেই ইসরায়েল সেখানে স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত হয়েছে। এ হামলা শুরু হওয়ার আগেই একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ পেতে এখন মরিয়া হয়ে আছে ফিলিস্তিনিরা।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সময়কার নাকাবা বা বিপর্যয়ের পুনরাবৃত্তির ভয়ে অনেক গাজাবাসী বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার দিনেও বহু ফিলিস্তিনিকে বাড়িঘর থেকে উচ্ছেদ হতে হয়েছিল।
প্রায় ৭ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। অনেকেই আশ্রয় নিয়েছিল প্রতিবেশী আরব দেশগুলোতে। আবার অনেকে এখনও বাস করছে শরণার্থী শিবিরে।
ইসরায়েলের সেনাবাহিনী গত শুক্রবারেই উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাদকে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়েছেন। কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। একের পর এক বোমা হামলায় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ।
জাতিসংঘের একটি ত্রাণ সংস্থা বলেছে, ইসরায়েল গাজা পরিস্থিতিকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। গাজায় স্থল অভিযান নিয়ে শনিবার নতুন করে এক বিবৃতিতে হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। জল, স্থল ও আকাশ—তিন দিক দিয়েই হামলা চালানো হবে। তবে হামলার সুনির্দিষ্ট কোনও সময় জানানো হয়নি বিবৃতিতে।
উত্তর গাজা ছেড়ে দক্ষিণে সরে যাওয়া হাজারো ফিলিস্তিনির একজন হচ্ছেন দালুল। তিনি বলেন, “আমরা উদ্বেগের মধ্যে আছি। আমরা এরকম পরিস্থিতি আগে দেখিনি। এবারে বড় ধরনের হুমকি বিরাজ করছে। দেখুন, বাচ্চারা…তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব? বিশেষ করে আমরা যখন বাসা ছাড়ি, পথে দেখলাম মানুষজন পুড়ছে, তাদের ওপর বিমান হামলায় হচ্ছে। আল্লাহর শুকুর, আমরা নিরাপদে আছি। দক্ষিণে পৌঁছতে পেরেছি।”
হামাস গাজাবাসীকে ঘরবাড়ি ছেড়ে যেতে নিষেধ করছে। বাইরে রাস্তাঘাট নিরাপদ নয় বলে মানুষজনকে বোঝাচ্ছে তারা। শুক্রবার শরণার্থীবাহী বেশকিছু কার এবং ট্রাকে বিমান হামলায় কয়েক ডজন মানুষ মারা গেছে বলে জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির সত্যতা বার্তা সংস্থা রয়টার্স যাচাই করতে পারেনি।
ইসরায়েল বলেছে, তারা মানুষজনের চলে যাওয়ার জন্য নির্ধারিত দুটো রাস্তা খোলা রেখেছে। কিন্তু সেইপথে পালাতে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলেছে, ইসরায়েল ওই দুই সড়কের আশেপাশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে বিমান হামলা বন্ধ করেনি।
হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হামাসের সরকারি গণমাধ্যম জানায়, দুইদিন আগে বাস্তুচ্যুত গাজাবাসীদের বহনকারী কয়েকটি গাড়ির ওপর ইসরায়েলের বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহতএবং ২০০ জন আহত হয়েছে।
দালুল বলেছেন, ইসরায়েল গাজাবাসীদের সরে যেতে বলে লিফলেট যখন ছড়াচ্ছিল, সে সময় বাড়ি ছেড়ে যওয়াটা তার জন্য মোটেও সহজ ছিল না। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। কিছু গাড়ির ওপর বোমা হামলা হয়েছে। রাতে বাচ্চারা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে এবং ‘আমাদেরকে বাাঁচাও, বাঁচাও’ বলে চীৎকার করেছে।
দালুল বলেন, “আমরা কীভাবে তাদেরকে বাঁচাব? বাড়ি ছাড়ার সময় আমরা দেয়ালে চুমু দিয়ে এসেছি। কারণ, আমরা চলে যাচ্ছি। বাড়িটা কতক্ষণ টিকে থাকবে আমরা জানিনা। আশা করি বিশ্ব আমাদেরকে দেখতে পাচ্ছে। আমরা কীভাবে আছি দেখতে পাচ্ছে। দেখুন, আমাদের একটা বাড়ি ছিল, দেয়াল ছিল, পানি ছিল। কিন্তু এখন আমরা তাঁবুতে বাস করছি।”
রয়টার্সের সঙ্গে ফোনালাপকালে ২০ বছর বয়সী আরেক ফিলিস্তিনি বলেন, “তারা (ইসরায়েল) আমাদেরকে সরে যেতে বলেছে। আর তারাই আবার রাস্তায় মানুষের ওপর বোমাবর্ষণ করছে। আমার বাবা আবার গাজায় ফিরে এসেছেন। তিনি বলেছেন, আমাদেরকে যদি মরতেই হয়, তাহলে গাজায় বাড়িতেই থাকি।”
