তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, কড়া নজর চীনের
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিবাদে তাইওয়ান ঘিরে চীনের নজিরবিহীন সামরিক মহড়ার পর তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুক্তরাষ্ট্রের রণতরী দেখা গেল।
তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি কর্মকর্তাদের তাইওয়ান সফরের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে চীন দ্বীপদেশটি ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে। এবার শক্তিপ্রদর্শন করতে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করছে বলে রোববার জানিয়েছে দেশটির নৌবাহিনী।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের গাইডেড-মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল আন্তর্জাতিক নিয়ম মেনেই রোববার ‘তাইওয়ান প্রণালীতে নিয়মিত টহল’ দিয়েছে।
এর মাধ্যমে তারা আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা প্রদর্শন করছে।মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিবাদে চীনের সামরিক মহড়ার পর তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুক্তরাষ্ট্রের রণতরীকে তৎপর দেখা গেল।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান প্রণালীতে নিয়মিতই যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিম মিত্রদের যুদ্ধজাহাজ দেখতে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা বললেও চীন একে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে বর্ণনা করে আসছে।
তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন তা মেনে নেয়নি। বরং তারা তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকি দিয়ে রেখেছে বেইজিং।
তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর বিষয়ে রোববার চীনের সেনাবাহিনী পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়, তারা তাইওয়ান প্রণালীতে যাওয়া মার্কিন রণতরী দুটোর দিকে কড়া নজর রেখেছে। তারা উচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনও ধরণের উস্কানি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রেখেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, মার্কিন রণতরী দুটি দক্ষিণ দিকে যাচ্ছে। তাদের বাহিনী ওই দুটো জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে। সেখানে ‘পরিস্থিতি স্বাভাবিক আছে’ বলেও জানানো হয়েছে।
