যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়া কখনোই মাথা নোয়াবে না, বললেন পুতিন
দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেইন ও তার মিত্রদের পরিকল্পনা নিয়েও সতর্ক করেছেন তিনি।
রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্র বা বিদেশি কোনো শক্তির চাপে মাথা নোয়াবে না জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেইনের সীমান্ত থেকে দূরে রাশিয়ার ভূখণ্ডের আরও ভেতরে যে কোনো হামলায় মস্কো ‘প্রচণ্ড’ প্রতিক্রিয়া দেখাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে বুধবার দুটি প্রধান রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
তার এ পদক্ষেপের কারণে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের কাছাকাছি বেড়ে গেছে এবং ভারতও রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসবের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা একধরনের ‘অবন্ধুসুলভ’ আচরণ এবং ‘এর সুনির্দিষ্ট প্রতিক্রিয়া থাকবে’।
“কিন্তু এসব নিষেধাজ্ঞা আমাদের অর্থনীতির স্থিতিশীলতার ওপর তেমন প্রভাব ফেলবে না। রাশিয়ার জ্বালানি খাত এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
“অবশ্যই এটা (নিষেধাজ্ঞা) হচ্ছে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা। কিন্তু কোনো আত্মমর্যাদাশীল ব্যক্তি বা দেশ চাপের মুখে কখনোই সিদ্ধান্ত নিতে পারে না,” বলেছেন তিনি।
নিষেধাজ্ঞা কী করে রুশ টয়লেট আমদানিতে পশ্চিমাদের বাধা দিতে পারে তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজার করার পর পুতিন মনে করিয়ে দেন, ট্রাম্প তার প্রথম মেয়াদেও রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি করলে তা যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনসহ সর্বত্র তেলের দাম বাড়িয়ে দেবে বলেও তিনি সতর্ক করেন। এমন যে কোনো কিছু ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে, বলেছেন তিনি।
রয়টার্স লিখেছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা স্বল্প মেয়াদে রুশ অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট যে এখন রাশিয়ার অর্থনীতিকে চেপে ধরে ক্রেমলিনকে শান্তি চুক্তিতে বাধ্য করাতে তৎপর, বুধবারের ঘোষণায় তাই বোঝা যাচ্ছে। তবে এরপরও ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা যায়নি।
নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেইন যুদ্ধকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ‘প্রক্সি ওয়ার’ আখ্যা দিয়ে ট্রাম্প ক্ষমতায় গেলে দ্রুত এই সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ঢোকার পর রিপাবলিকান এ প্রেসিডেন্ট বারবার ইউক্রেইন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে অবস্থান বদলেছেন। এখন তিনি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দিকে বেশি ঝুঁকে রয়েছেন, তাই পুতিনকে নিয়ে হতাশা ও বিরক্তি প্রকাশ করছেন।
গত মাসে মস্কোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দেওয়া ট্রাম্প বুধবার বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে তার যে বৈঠক হওয়ার কথা ছিল, তা তিনি বাতিল করেছেন।
সেদিনই মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে পুতিন বলেছেন, তাদের দুইজনের বৈঠক এবং সেটি যে বুদাপেস্টে করা যায় তা ট্রাম্পই প্রস্তাব করেছিলেন।
“কী বলতে পারি? যে কোনো ধরনের সংঘাত, বিরোধ, এমনকী তার চেয়েও বেশি কিছু, যেমন যুদ্ধের চেয়েও সংলাপ সবসময়ই ভালো,” বলেছেন তিনি।
পশ্চিমা মিত্রদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ট্রাম্প প্রশাসন বিধিনিষেধ তুলে নিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এবং নিজেদের বানানো ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে জেলেনস্কির মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে রুশ এ প্রেসিডেন্ট বলেন, এগুলো উত্তেজনা বৃদ্ধির চেষ্টা।
“কিন্তু যদি এমন অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে মারাত্মক, সম্ভবত প্রচণ্ডও। তাদেরকে সেটাও ভেবে দেখতে হবে,” বলেছেন তিনি।
