Published : 19 Nov 2025, 03:29 PM
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌজন্যে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ ব্ল্যাক-টাই ডিনারে পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখা গেছে।
মঙ্গলবার ওই অনুষ্ঠানে আগে ট্রাম্প বলেন, রোনালদোকে পেয়ে তিনি ‘সম্মানিত’।
কয়েক বছর ধরে সৌদি লীগে খেলা এ পর্তুগিজ ফুটবল তারকা সৌদি আরবের আধুনিকায়ন প্রচেষ্টার মুখ হয়ে উঠেছেন, বলছে বিবিসি।
এমবিএস নামে বেশি পরিচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেলের আয়ের ওপর নির্ভরশীলতা থেকে তার দেশকে সরিয়ে খেলাধুলা, পর্যটন এসব খাতে বিনিয়োগ বাড়াতে চাইছেন।
মঙ্গলবার দিনের বেলাতেই হোয়াইট হাউসের এক কর্মকর্তা ডিনারে রোনালদো থাকবেন বলে জানান, তবে এ সুপারস্টার ফুটবলার এমবিএসের সরকারি প্রতিনিধি দলের অংশ কিনা, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
সমালোচকদের দাবি, নিজেদের মানবাধিকার রেকর্ড এবং তেল শিল্পের যে প্রভাব পরিবেশের ওপর পড়ছে তা থেকে মনোযোগ সরিয়ে নিয়ে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টায় সৌদি আরব এখন খেলাধুলায় বিনিয়োগ করবে। যাকে অনেকে ‘স্পোর্টসওয়াশ’ তকমাও দিয়েছেন।
তবে ডিনারে দেওয়া বক্তৃতায় ট্রাম্প সৌদি আরবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং তাদেরকে ‘নেটো বহির্ভূত প্রধান মিত্র’ দেশের মর্যাদা দেওয়ার কথা জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সৌদি ক্রাউন প্রিন্সকে স্বাগত জানিয়েছিলেন।
বক্তৃতার এক পর্যায়ে পর্তুগজ ফুটবল তারকার দিকে ফিরে ট্রাম্প বলেন, “আমার ছেলে রোনালেদোর ব্যাপক ভক্ত। ব্যারন (ট্রাম্প) তাকে দেখার সুযোগ পেল, আমার মনে হয় সে এখন তার বাবাকে একটু বেশি সম্মান করবে, কারণ হল আমি তাকে (রোনালদোর সঙ্গে) পরিচয় করিয়ে দিয়েছি।”
ডিনারে টেক ধনকুবের ইলন মাস্কও ছিলেন, তার সঙ্গী হয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকসহ প্রভাবশালী সব ব্যবসায়ী নেতারা।
এপ্রিলে ট্রাম্পের ডিপার্টমেন্ট ফর গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) মন্ত্রণালয়ের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর এবারই প্রথম মাস্ককে হোয়াইট হাউসে দেখা গেল।
গত কয়েক মাস ধরে মাঝে মধ্যেই প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক বিবাদ দেখা গেছে। মাস্ক এক পর্যায়ে ক্ষেপে গিয়ে আলাদা দল বানানোরও ঘোষণা দিয়েছিলেন।
২০১৬ সালের পর এটাই যুক্তরাষ্ট্রে রোনালদোর প্রথম সফর বলেও মনে করা হচ্ছে। এর মধ্যে তিনি দেশটিতে গেলেও সে খবর প্রকাশ্যে আসেনি।
মাঝখানে সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা রোনালদো তাকে ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলকক্ষে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ আনেন।
পর্তুগিজ এ ফুটবল তারকা এ অভিযোগ জোরের সঙ্গে অস্বীকার করেছেন।
“আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি দৃঢ়তার সঙ্গে খারিজ করছি। ধর্ষণ এমন এক নিন্দনীয় অপরাধ, যা আমার সবকিছু এবং বিশ্বাসের বিপরীত,” ২০১৮ সালে দেওয়া বিবৃতিতে বলেছিলেন তিনি।
২০১৯ সালে মার্কিন কৌঁসুলিরা জানান, পর্যাপ্ত প্রমাণ না থাকায় তারা রোনালদোর বিরুদ্ধে অভিযোগ আনবেন না।
২০২৩ সালে রোনালদো সৌদি আরবে যান এবং সেখানে তিনি ফুটবল ক্লাব আল নাসরের ক্যাপ্টেন এবং সৌদি প্রো লীগের মুখ হয়ে ওঠেন।
আল নাসর ক্লাবের মালিক সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল পিআইএফ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যার চেয়ারম্যান।