২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের শুল্কের জবাবে চীনের ৫ চাল

“চীন স্পষ্টতই খুব বেশি ক্ষতি না করেই যুক্তরাষ্ট্রকে (এবং নিজ দেশের লোকজনকে) একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে,” বলেছেন ক্যাপিটাল ইকোনমিকসের চীন অর্থনীতি বিভাগের প্রধান জুলিয়ান ইভান্স-প্রিচার্ড।

ট্রাম্পের শুল্কের জবাবে চীনের ৫ চাল
ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীনের ওপর যে শুল্ক আরোপ করেছেন, তার বিরুদ্ধে যুৎসই জবাব হাজির করে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যকার বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করে তুলেছে চীন।

দেশটি থেকে সব আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক বসিয়ে এই দফার মল্লযুদ্ধ উসকে দেয় দুই সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া নতুন মার্কিন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আসা সুনির্দিষ্ট কিছু পণ্যের ওপর পাল্টা শুল্ক যেমন দিয়েছে বেইজিং, তেমনি নিয়েছে আরও কিছু পদক্ষেপ।

এই পাল্টাপাল্টি অবশ্য নতুন নয়। দুই দেশের মধ্যে ২০১৮ সাল থেকে চলে আসা এ বাণিজ্য বিরোধের ফলে এর আগেও অসংখ্য পণ্যের ওপর শুল্কের খড়্গ পড়েছিল, অনেক পণ্যে নতুন মাশুল যুক্ত করার হুমকিও আছে। 

ট্রাম্প বলছেন, এই বিরোধের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন।

তবে বেইজিং যদি আগামী সোমবার থেকে পরিকল্পনা অনুযায়ী তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো শুরু করে, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়, বলছে বিবিসি।

কয়লা, তেল ও গ্যাস

ট্রাম্পের শুল্কের পাল্টায় চীন মার্কিন কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অপরিশোধিত তেলের ওপর আমদানি শুল্ক বসিয়েছে। এর ফলে চীনের যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের এসব পণ্য আমদানি করবে তাদেরকে কয়লা ও এলএনজির জন্য ১০ শতাংশ এবং অপরিশোধিত তেলের জন্য ১৫ শতাংশ কর দিতে হবে।  

চীন বিশ্বের বৃহত্তম কয়লা আমদানিকারক হলেও দেশটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমদানি করেই তার চাহিদার সিংহভাগ মেটায়। রাশিয়া, অস্ট্রেলিয়া আর মঙ্গোলিয়া থেকেও তারা কিছু কয়লা নেয়।

গত কয়েক বছরে চীন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়াচ্ছে। চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে তারা যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ এলএনজি আমদানি করেছে, এখন তার প্রায় দ্বিগুণ আমদানি করে। 

চীনের সামগ্রিক জীবাশ্ম জ্বালানির আমদানিও অনেক কম; ২০২৩ সালে দেশটি যত অপরিশোধিত তেল আমদানি করেছে তার মাত্র ১ দশমিক ৭ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

এতেই বোঝা যাচ্ছে, এ খাতে চীন মোটেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়, ফলে মার্কিন শুল্ক কিংবা এর পাল্টায় তাদের পদক্ষেপ চীনা অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না। 

থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইকোনমিক সিকিউরিটির প্রধান নির্বাহী, বাণিজ্য অর্থনীতিবিদ রেবেকা হার্ডিং বলছেন, যুক্তরাষ্ট্রের থেকে না নিয়ে চীন রাশিয়া থেকে আরও সস্তায় কয়লা, তেল ও গ্যাস নিতে পারবে।

যুক্তরাষ্ট্রেরও তেমন সমস্যা হওয়ার কথা নয়, তারা বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। চীন ছাড়াও তাদের অনেক ক্রেতা আছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন তাদের জ্বালানি পণ্যের বেশ বড় বাজার।  

কৃষি সহায়ক যন্ত্রপাতি, পিক-আপ ট্রাক ও বড় গাড়ি

জ্বালানি পণ্যের পাশাপাশি চীন যুক্তরাষ্ট্রের কৃষি সহায়ক যন্ত্রপাতি, পিক-আপ ট্রাক ও কিছু বড় গাড়ির ওপরও ১০% শুল্ক আরোপ করেছে। 

চীন মার্কিন পিক-আপ ট্রাকের বড় আমদানিকারক নয়। দেশটির বেশিরভাগ গাড়ি ইউরোপ এবং জাপান থেকে আসে। তাই মার্কিন পিক-আপ ট্রাকের ওপর ১০% শুল্কের ফলে চীনা ভোক্তাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন বাড়াতে, আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং খাদ্য নিরাপত্তা জোরদার করতে চীন কৃষি যন্ত্রপাতিতে বিনিয়োগও বাড়িয়েছে। কৃষি সহায়ক যন্ত্রপাতির ওপর শুল্ক আরোপে তাদের দেশীয় শিল্পের বিকাশ আরও উৎসাহিত হতে পারে।

পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের চীন অর্থনীতি বিভাগের প্রধান জুলিয়ান ইভান্স-প্রিচার্ড বলেছেন, চীনের শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ পরিমিত।

চীন যেসব পণ্যকে টার্গেট করেছে সেগুলো আমদানিতে বছরে তাদের খরচ হয় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি, যা যুক্তরাষ্ট্র থেকে দেশটির মোট আমদানির ১২ শতাংশের মতো।

“যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে ৪৫ হাজার কোটি ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে, যা অনেক অনেক বেশি। চীন স্পষ্টতই খুব বেশি ক্ষতি না করেই যুক্তরাষ্ট্র (এবং নিজ দেশের লোকজনকে) একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে,” বলেছেন তিনি। 

গুগলের বিরুদ্ধে তদন্ত

মার্কিন টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা চালানোর অভিযোগ খতিয়ে দেখারও ঘোষণা দিয়েছে চীন। কীভাবে এই তদন্ত হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ২০১০ সাল থেকে চীনে গুগলের সার্চ সেবা বন্ধ রয়েছে।  

দেশটিতে গুগলের কিছু কার্যক্রম এখনও চলমান। স্থানীয় ডেভেলপারদের সঙ্গে তারা যৌথভাবে গেইমস ও অ্যাপ্লিকেশন সরবরাহ করে যাচ্ছে।

গুগলের বৈশ্বিক বিক্রির মাত্র ১ শতায় হয় চীনে, যাতে বোঝা যাচ্ছে দেশটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে গেলেও কোম্পানিটি খুব একটা লোকসানের মুখে পড়বে না। 

ক্যালভিন ক্লেইন ‘অনির্ভরযোগ্য কোম্পানির’ তালিকায়

কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মতো ডিজাইনার ব্যান্ডের মালিক মার্কিন প্রতিষ্ঠান পিভিএইচকে কথিত ‘অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে চীন। এই কোম্পানি ‘চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে’ বলেও অভিযোগ তাদের। 

বাণিজ্য উত্তেজনা তুঙ্গে থাকাকালে ২০২০ সালে বেইজিং প্রথম এই ‘অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের’ তালিকা করেছিল, যাতে যুক্তরাষ্ট্রের আরও কোম্পানি আছে।  

ক্যালভিন ক্লেইন এবং টমি হিলফিগার এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে চীনে তাদের ব্যবসা করা কঠিন হয়ে যেতে পারে। এসব ব্র্যান্ডকে জরিমানাসহ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, বাতিল হতে পারে চীনে কর্মরত কোম্পানিগুলোর বিদেশি কর্মীদের ভিসাও।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো এসব কোম্পানির কর্মকাণ্ড তদন্তে তাদের কারখানায়ও যেতে পারে, বলছেন কানাডার অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিক ব্যবসার অধ্যাপক আন্দ্রে শুটার।

যুক্তরাষ্ট্রেরও এ ধরনের তালিকা আছে, যে তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমোদন ছাড়া মার্কিন কোম্পানির কোনো পণ্য কিনতে পারে না। 

“প্রেসিডেন্ট ট্রাম্প চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, চীন একইভাবে তার পাল্টা পদক্ষেপ নিয়েছে। এগুলো সবই যুক্তরাষ্ট্র আর চীনকে বিচ্ছিন্ন করতে মার্কিন প্রচেষ্টারই অংশ,” বলেছেন অধ্যাপক শুটার। 

বিরল ধাতু রপ্তানিতে কড়াকড়ি

চীন ২৫টি বিরল ধাতুর রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করেছে; এর মধ্যে কিছু ধাতু ইলেকট্রনিক পণ্য ও সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। 

এসব ধাতুকে ব্যবহার উপযোগী করার অভাবনীয় দক্ষতা অর্জন করেছে চীন। বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য এই ধাতুর ৯০ শতাংশই দেশটি বানায়।

চীনের কড়াকড়ির মধ্যে পড়েছে টাংস্টেনও, যা সংগ্রহ করা বেশ কঠিন, কিন্তু মহাকাশ শিল্পের জন্য অপরিহার্য।

এদিকে চীন যুক্তরাষ্ট্র থেকে যেসব গুরুত্বপূর্ণ ধাতু আমদানি করে, যেগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপস, সেমিকন্ডাক্টরের যন্ত্রাংশ, ওষুধ ও মহাকাশ গবেষণার সরঞ্জাম বানাতে ব্যবহৃত হয়, সেগুলো কোনো ধরনের বিধিনিষেধের মধ্যে পড়েনি, জানিয়েছেন ক্যাপিটাল ইকোনমিকসের চীনা অর্থনীতি বিভাগের প্রধান ইভানস-পিচার্ড।

চীনের রপ্তানি কড়াকড়ি যুক্তরাষ্ট্রের ওপর ভালোই প্রভাব ফেলবে এতে সন্দেহ নেই। তবে এ ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের অন্য একটি পরিকল্পনা আছে বলেই মনে হচ্ছে। 

সোমবার ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ৩০ হাজার কোটি ডলার সহায়তার বিনিময়ে ইউক্রেইন যুক্তরাষ্ট্রকে আরও বিরল ধাতু সরবরাহের নিশ্চয়তা দিক।