২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

রুশ সেনারা ইউক্রেইনের গোলা থেকে পিছু হটতে চাইলে তাদের মেরে ফেলাসহ পুরো সেনা ইউনিট শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে রাশিয়া- বলছে হোয়াইট হাউজ।

অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 11:31 PM

Updated : 27 Oct 2023, 11:31 PM

পূর্ব ইউক্রেইনে রক্তক্ষয়ী লড়াই থেকে পিছু হটার চেষ্টা চালানো সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করছে রাশিয়া। হোয়াইট হাউজ একথা জানিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, “আমাদের কাছে তথ্য আছে। রাশিয়ার সেনাবাহিনী আসলেই আদেশ অমান্য করা সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করছে।”

রুশ সেনারা ইউক্রেইনের গোলা থেকে পিছু হটতে চাইলে পুরো সেনাদলকে হত্যা করার হুমকিও রাশিয়া দিচ্ছে বলে জানান কিরবি। তিনি বলেন, “নির্দেশ অমান্য করার কারণে নিজ সেনাদের নিজেরাই মেরে ফেলা, এমনকী পুরো ইউনিটই শেষ করে দেওয়ার বিষয়টি নিন্দনীয় এবং বর্বরোচিত।”

বিবিসি জানায়, ইউক্রেইনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আভদিভকা শহরের কাছে ইউক্রেইনীয় সেনাদের অবস্থানে হামলা চালাতে রুশ সেনারা অস্বীকৃতি জানাচ্ছে। কয়েকটি সেনা ইউনিটে বিদ্রোহও দেখা দিয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া কম প্রশিক্ষিত, কম সাজসরঞ্জাম দিয়ে যুদ্ধের জন্য অপ্রস্তুত সেনাদের লড়তে পাঠিয়েছে।

এমন পদক্ষেপ নিয়ে রাশিয়ার সেনাবাহিনী ‘মানব তরঙ্গ’ কৌশল নিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে, যে কৌশলে এই অপ্রস্তুত সেনাদের ঝাঁকে ঝাঁকে যুদ্ধের সম্মুখসারিতে পাঠিয়ে শত্রুপক্ষকে কিংকর্তব্যবিমূঢ় করে দেওয়া যায়। এমন অপ্রস্তুতভাবে লড়তে রুশ বাহিনী স্বাভাবিকভাবেই মনোবল পাচ্ছে না।

ইউক্রেইনের হিসাবমতে, আভদিভকায় রুশ সেনা হতাহতের সংখ্যা ৫ হাজার। আর যুক্তরাষ্ট্রের হিসাবমতে, রাশিয়া সেখানে যুদ্ধে অন্তত ১২৫ টি সাজোঁয়া যান খুইয়েছে এবং এক ব্যাটেলিয়নেরও বেশি পরিমাণ সাজসরঞ্জাম খুইয়েছে।

অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আভদিভকা শহরে রাশিয়া এবং ইউক্রেইনের সেনাদের তুমুল লড়াই চলছে। আভদিভকার কাছে যুদ্ধে রাশিয়ার পক্ষে কিছু সেনা হতাহতের ঘটনা ‘রাশিয়ার নিজ নেতাদের দেওয়া নির্দেশেই’ ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।